1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১০০ টাকার নিচে মিলছে না যেসব সবজি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

হেমন্তে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। তবু বাজারদরে স্বস্তি নেই ক্রেতাদের। নিত্যদিনের রান্নার সবজি কিনতে এখনও গুনতে হচ্ছে বাড়তি টাকা। শিম, বেগুন কিংবা টমেটোর মতো একাধিক সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দরে। বিক্রেতারা বলছেন, মৌসুমের শুরুতে নতুন সবজির দাম তুলনামূলক বেশি থাকে। তবে সরবরাহ বাড়লে ধীরে ধীরে দাম কমে আসতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান, কালাচাঁদপুর ও কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। শিমের দাম ১২০ থেকে ১৪০, গাজর ১৪০, গোল বেগুন ১০০ থেকে ১২০ এবং দেশি শসা ১০০ থেকে ১১০ টাকা। অর্থাৎ কয়েক ধরনের সবজি কিনতেই কেজিপ্রতি ১০০ টাকা বা তার বেশি খরচ করতে হচ্ছে ক্রেতাদের।

বিপরীতে সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বাজারে প্রতি কেজি করলা ৮০, কাঁকরোল ৭০ থেকে ৮০, ধুন্দল ৮০, পটল ৬০, ঢ্যাঁড়স ৬০ ও চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। হাইব্রিড শসার কেজি ৭০ থেকে ৮০ টাকা। কচুর মুখি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

কুড়িল-সংলগ্ন কাঁচাবাজারের সবজি বিক্রেতা আতিক হোসেন বলেন, মৌসুমের শুরুতে নতুন সবজির দাম সাধারণত বেশি থাকে। এ সময় বাজারে সরবরাহও তুলনামূলক কম। তবে নতুন সবজি এলে দাম ধীরে ধীরে কমতে পারে।

জোয়ার সাহারা বাজারের বিক্রেতা সজিব হোসেন জানান, সরবরাহ বাড়ায় দাম কমার কারণে ক্রেতার সংখ্যাও বেড়েছে। আগে বেশিরভাগ সবজিই পাইকারিতে বেশি দামে কিনতে হতো তাদের। এজন্য খুচরা বাজারেও ১০০ টাকার ওপরে বিক্রি করতে হয়েছে। শীতের আগাম সবজি আসতে থাকায় সেরকম অনেক পণ্যের দামই এখন ৭০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে।

বেগুন, শিম ও টমেটোসহ নিত্যদিনের কিছু পণ্যের দাম ১০০ টাকার ওপরে থাকায় বাজার করতে গিয়ে বাড়তি ব্যয়ের মুখে পড়ছেন ক্রেতারা। কালাচাঁদপুরে সবজি কিনতে আসা মারুফ আল-আমিন বলেন, বাজারে শীতকালীন সবজি আসা শুরু করায় দাম আগের তুলনায় কিছুটা কমেছে। তবে কিছু পণ্যে এখনও ১০০ টাকার বেশি গুনতে হয়। এর মধ্যে টমেটো দৈনন্দিন রান্নার উপকরণ হিসেবে প্রয়োজন। দামের কারণে শসা-গাজরও তেমন কেনা যাচ্ছে না।

কিছু সবজির দাম কমায় মারুফ কিছুটা সন্তুষ্ট থাকলেও একই বাজারের ক্রেতা শিউলি আক্তার বলেন, দাম ১০ থেকে ২০ টাকা কমলেও নিম্নআয়ের পরিবারের জন্য যথেষ্ট নয়। শিম কিনতে এখনও ১২০ থেকে ১৪০ টাকা গুনতে হয়। টমেটোর কেজি দেড়শ টাকা। এ ছাড়া, এ মৌসুমে শসা-গাজরের দাম ১০০ টাকার বেশি থাকায় কেনা দুষ্কর হয়ে পড়েছে। তাই তুলনামূলক কম দামের সবজি কিনে খরচ সামলাতে হচ্ছে আমাদের।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর