1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

স্বাস্থ্য-কৃষিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপ প্রবাসী ব্যবসায়ীরা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বাংলাদেশে ওষুধ, স্বাস্থ্যসেবা, কৃষি, প্রক্রিয়াজাত খাদ্য, শিক্ষা ও প্রযুক্তি, সেবাখাতসহ মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে এফবিসিসিআইয়ের সঙ্গে এক আলোচনা সভায় ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) ২৬ সদস্যের প্রতিনিধি দল এমন আগ্রহ প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার হলো ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে জিএসপি, ইবিএসহ বিভিন্ন সুবিধা দিয়ে আসছে। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান হাফিজুর রহমান। বাংলাদেশে আরও বেশি ইউরোপীয় বিনিয়োগ আসবে বলে প্রত্যাশ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের ওষুধ শিল্প, পুঁজিবাজার, কৃষি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিসহ ইউরোপের বিনিয়োগকারীদের তিনি আহ্বান জানান।

প্রতিনিধি দলের প্রধান এবং ইবিএফসিআই সভাপতি ড. ওয়ালি তসর উদ্দিন জানান, বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়ন খাতে বিনিয়োগের অধিক সম্ভাবনা রয়েছে। অধিকন্তু নতুন প্রজন্মের প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহ বেড়েছে।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে- বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রয়োজনীয় বাণিজ্য চুক্তি সই এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর আলোচকরা গুরুত্বারোপ করেন। শুধু এথ্নিক মার্কেটে (প্রবাসী বাংলাদেশি ভোক্তা) সীমাবদ্ধ না থেকে ইউরোপের মূল বাজারে জায়গা করে নেওয়ার জন্য পণ্য বহুমুখীকরণ, প্যাকেজিং, বাজারজাতকরণ ও বিপণন কৌশল উন্নয়নসহ প্রমোশন ও ব্র্যান্ডিংয়ের প্রতি নজর বাড়ানোর পরামর্শও দেন তারা। পাশাপাশি আমদানি-রপ্তানির ক্ষেত্রে কাস্টমস ও ভিসা জটিলতা সহজীকরণের জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ আহ্বান জানান।

উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডব্লিউইএবি) সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, ইবিএফসিআইয়ের নন-এক্সিকিউটিভ পরিচালক, অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দসহ এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল ও অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর