পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘আর তাদেরকে সেই ব্যক্তির বৃত্তান্ত পড়ে শুনান, যাকে আমরা আমাদের নিদর্শনসমূহ দিয়েছিলাম। তারপর সে তা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতঃপর শয়তান তার পেছনে লাগে এবং সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়। আর আমরা ইচ্ছে করলে এর দ্বারা তাকে উচ্চ মর্যাদা দান করতাম; কিন্তু সে পৃথিবীর প্রতি ঝুঁকে পড়ে এবং তার প্রবৃত্তির অনুসরণ করে। সুতরাং তার দৃষ্টান্ত কুকুরের মতো। তার ওপর বোঝা চাপালে সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আর বোঝা না চাপালেও জিহ্বা বের করে হাঁপায়। যারা আমাদের নিদর্শনসমূহে মিথ্যারোপ করে, তাদের অবস্থাও এমন। সুতরাং আপনি তাদের কাছে বৃত্তান্ত বর্ণনা করুন, যাতে তারা চিন্তা করে।’ (সুরা আ‘রাফ: ১৭৫–১৭৬)
এই আয়াতের ভিত্তিতে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ ও ইবনে আব্বাসের (রা.) সূত্রে বর্ণিত আছে, এখানে বালআম ইবনে বাউরার কথা বলা হয়েছে। যদিও তার ব্যাপারে আল্লাহর রাসুল (সা.) কিছুই বলেননি, এবং সাহাবায়ে কেরামের বড় অংশ এই আয়াতের প্রেক্ষাপটে উমাইয়া ইবনে আবি আস-সালত নামক জনৈক কবিকে বুঝেছিলেন, তবুও বালআম ইবনে বাউরার কাহিনিই বেশি প্রসিদ্ধ হয়ে যায়। আমরা আজ দেখব, এই কাহিনির সত্যতা কতটুকু।
বালআম ইবনে বাউরার নামে প্রচলিত কাহিনি:
বাইবেলের গণনা পুস্তকের ২২ নম্বর অধ্যায়ে এই নামের একজন পথভ্রষ্ট আলেমের কাহিনি পাওয়া যায়। কিন্তু এর সাথে আরও রঙচঙ মিশিয়ে ওয়াজ-মাহফিলে এক বিশাল কাহিনি বলা হয়। সংক্ষেপে কাহিনিটি এমন:
মিশর পাড়ি দিয়ে মুসা (আ.) যখন বনি ইসরাইলকে নিয়ে শামের কানআন অঞ্চলের দিকে অগ্রসর হলেন, তখন সেখানকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারছিল, মুসা (আ.) ও তার অনুসারীদের মোকাবিলা করা সহজ হবে না। শেষ পর্যন্ত তারা বালআম ইবনে বাউরার শরণাপন্ন হলো। তিনি ছিলেন অনেক বড় একজন আলেম। কারও মতে তিনি মাদায়েনের বালাকা অঞ্চলের বাসিন্দা ছিলেন, আবার কারও মতে তিনি বনি ইসরাইলের সদস্য। তার একটি বিশেষ গুণ ছিল, তিনি ইসমে আজম জানতেন। এই জন্য দোয়া করলেই তার দোয়া কবুল হতো।
যাই হোক, লোকজন তার কাছে অনুরোধ করল, তিনি যেন আল্লাহর কাছে মুসা (আ.) ও তার বাহিনীর বিরুদ্ধে বদদোয়া করেন। বালআম প্রথমে রাজি হননি। তিনি জানতেন মুসা (আ.) আল্লাহর নবী; তার সঙ্গে ফেরেশতা ও মুমিনরা রয়েছেন। তাদের বিরুদ্ধে বদদোয়া করা কীভাবে সম্ভব!
কিন্তু লোকেরা নাছোড়বান্দা। বারবার অনুরোধ, বিনয়-অনুনয় আর উপঢৌকনের মাধ্যমে তারা তাকে প্রভাবিত করতে থাকল। এক সময় তিনি আল্লাহর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ বললেন, তাদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। কিন্তু উপঢৌকন গ্রহণের পর তিনি আবার আল্লাহর কাছে একই বিষয়ের অনুমতি চাইলেন। এবার কোনো জবাব না পেয়ে তিনি ধরে নিলেন, তাকে বোধহয় অনুমতি দেওয়া হয়েছে।
বালআম গাধার পিঠে চড়ে সেই পাহাড়ের দিকে রওনা দিলেন, যেখান থেকে মুসা (আ.) ও তার বাহিনীকে দেখা যায়। কিন্তু অল্প পথ যেতেই গাধাটি বসে পড়ল। বালআম তাকে মারতে শুরু করলেন। গাধাটি আবার উঠল, কিছুদূর গিয়ে ফের বসে পড়ল। এবার আল্লাহর হুকুমে গাধাটি কথা বলে উঠল, ‘হে বালআম! কোথায় যাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ না, ফেরেশতারা আমার সামনে এসে আমাকে পথ থেকে ফিরিয়ে দিচ্ছেন? তুমি কি আল্লাহর নবী ও মুমিনদের বিরুদ্ধে বদদোয়া করতে চলেছ?
কিন্তু বালআম সতর্কবার্তা বুঝলেন না। তিনি গাধাকে মারতেই থাকলেন। শেষ পর্যন্ত গাধা চলতে থাকল। তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। সেখানে দাঁড়িয়ে মুসা (আ.) ও তার অনুসারীদের বিরুদ্ধে বদদোয়া করতে উদ্যত হলেন। কিন্তু মুখ খুলতেই ঘটল অদ্ভুত ঘটনা। তিনি যা বলতে চাইতেন, তার মুখ দিয়ে উল্টোটা বের হয়ে আসত। বারবার চেষ্টা করেও তিনি নিজের ইচ্ছামতো একটি কথাও বলতে পারলেন না।
লোকেরা ক্ষুব্ধ হয়ে জানতে চাইল, তিনি কেন তাদের পক্ষে কথা বলতে পারছেন না। বালআম জানালেন, বিষয়টি তার নিয়ন্ত্রণে নেই। এক পর্যায়ে তার জিহ্বা মুখ থেকে বেরিয়ে বুকের ওপর ঝুলে পড়ল—কোনো কোনো বর্ণনায় তা নাভি পর্যন্ত নেমে আসার কথা বলা হয়েছে। তিনি বুঝতে পারলেন, তার দুনিয়া ও আখেরাত দুটোই বরবাদ হয়ে গেছে।
তখন বালআম তার কওমকে বললেন, ‘আমার আর কিছু করার নেই। তবে একটি কৌশল আছে। তোমরা তোমাদের নারীদের সাজিয়ে-গুছিয়ে তাদের হাতে পণ্যসামগ্রী তুলে দাও। তারা যেন বনি ইসরাইলের শিবিরে যায়। কোনো পুরুষ তাদের প্রতি আকৃষ্ট হলে তারা যেন তাকে ফিরিয়ে না দেয়। তাদের কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে আল্লাহর শাস্তি তাদের ওপর নেমে আসতে পারে।
কওমের লোকেরা তার পরামর্শ মেনে নিল। নারীদের সুন্দর পোশাকে সাজানো হলো। হাতে তুলে দেওয়া হলো নানা পণ্যসামগ্রী। তারপর তাদের পাঠিয়ে দেওয়া হলো বনি ইসরাইলের শিবিরে। তাদের সৌন্দর্য, সাজসজ্জা ও আকর্ষণীয় উপস্থিতি ছিল পুরুষদের দৃষ্টি কাড়ার মতো। তারা পণ্য বিক্রির অজুহাতে শিবিরে ঘুরে বেড়াতে লাগল। বালআমের পরিকল্পনা ছিল, এই বাহ্যিক আকর্ষণের ফাঁদে ফেলে বনি ইসরাইলের লোকদের পাপের পথে টেনে নেওয়া।
একপর্যায়ে জমরি ইবনে শলুম নামের বনি ইসরাইলের এক গোত্রপ্রধান এক নারীর প্রতি আকৃষ্ট হলেন। নারীর নাম ছিল কাসবা। তিনি তার হাত ধরে নিজের তাঁবুতে নিয়ে গেলেন। মুসা (আ.) তাকে সতর্ক করে বললেন, এই নারী তার জন্য নিষিদ্ধ। কিন্তু জমরি সেই সতর্কবাণী অগ্রাহ্য করে তাবুতে প্রবেশ করলেন এবং তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলেন।
এই ঘটনার পর বনি ইসরাইলের ওপর মহামারি নেমে এলো। চারদিকে মৃত্যু ছড়িয়ে পড়ল। তখন হজরত হারুনের (আ.) বংশধর পিনহাস একটি লোহার বর্শা হাতে নিয়ে তাঁবুতে প্রবেশ করলেন। তিনি দুজনকে একই বর্শায় বিদ্ধ করে সবার সামনে তুলে ধরলেন। এই ঘটনার পর মহামারি থেমে যায়। বলা হয়, এই সময় সত্তর হাজার মানুষের মৃত্যু হয়।
এরপর বনি ইসরাইলের সাথে যখন বালাকার অধিবাসীদের যুদ্ধ হয়, বালআম সেই যুদ্ধে মারা যান। যে ব্যক্তি একসময় ইসমে আজম জানতেন, যার দোয়া তাৎক্ষণিক কবুল হতো, শেষ পর্যন্ত তার এমন করুণ পরিণতি হয়।
প্রচলিত আরেকটি কাহিনী:
বনি ইসরাইলে বালআম নামক এক ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনটি বিশেষ দোয়া কবুল হওয়ার সুযোগ দিয়েছিলেন। তিনবার যে দোয়াই করবেন, তাৎক্ষণিক তা কবুল হয়ে যাবে। এই সুযোগের কথা তার স্ত্রীও জানতেন। একদিন স্ত্রী তার কাছে এসে বললেন, ‘আপনি আল্লাহর কাছে দোয়া করুন, যেন তিনি আমাকে বনি ইসরাইলের সবচেয়ে সুন্দরী নারী বানিয়ে দেন।’
স্বামী স্ত্রীর আবদার পূরণে আল্লাহর কাছে দোয়া করলেন। তার দোয়া কবুল হলো। স্ত্রী হয়ে উঠলেন বনি ইসরাইলের সবচেয়ে সুন্দরী নারী। কিন্তু সৌন্দর্য লাভের পর তার মন বদলে গেল। নিজের সৌন্দর্য নিয়ে তিনি এতটাই মুগ্ধ হলেন যে স্বামীর প্রতি আগের আকর্ষণ হারিয়ে ফেললেন। এবার তার মনে অন্য পুরুষের প্রতি আকাঙ্ক্ষা জাগল। স্বামীর প্রতি অনাগ্রহ প্রকাশ করতে শুরু করলেন তিনি।
স্ত্রীর এই আচরণে স্বামী ক্ষুব্ধ হলেন। একসময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, যেন তার স্ত্রীকে একটি ঘেউ ঘেউ করা কুকুরে পরিণত করা হয়। দোয়া কবুল হলো। মুহূর্তের মধ্যে সুন্দরী নারীটি কুকুরে পরিণত হলেন। এভাবে স্ত্রীর জন্যই তার দুটি দোয়া শেষ হয়ে গেল।
তাদের সন্তানরা মায়ের এই অবস্থা দেখে বাবার কাছে ছুটে এলো। তারা বলল, ‘আমাদের মা কুকুরে পরিণত হয়েছেন। মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে, ঠাট্টা-বিদ্রূপ করছে। আমরা আর এই অপমান সহ্য করতে পারছি না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, যেন তিনি মাকে আগের অবস্থায় ফিরিয়ে দেন।’
সন্তানদের কষ্ট দেখে পিতার মন নরম হলো। তিনি শেষ দোয়াটি করলেন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তার স্ত্রী যেন আবার আগের রূপ ফিরে পান। দোয়া কবুল হলো। স্ত্রী আবার আগের অবস্থায় ফিরে এলেন। কিন্তু এর মধ্য দিয়ে সেই ব্যক্তির তিনটি দোয়ার সুযোগই শেষ হয়ে গেল। (তারিখু দিমাশক, ১০/৩৯৬)
সত্যতা যাচাই:
বালআম ইবনে বাউরাকে ঘিরে প্রচলিত কাহিনির সূত্র যাচাই করলে দেখা যায়, এই কাহিনি নির্ভরযোগ্য নয়। বরং একে অগ্রহণযোগ্য বলার যথেষ্ট কারণ রয়েছে। এর মধ্যে চারটি কারণ নীচে উল্লেখ করা হলো:
১. নির্ভরযোগ্য সূত্রে শুধু নামটিই পাওয়া যায়: আবদুল্লাহ ইবনে মাসউদের (রা.) সূত্রটি সহিহ, কিন্তু সেখানে শুধু তার নামই বলা হয়েছে, কোনো কাহিনি বলা হয়নি।
২. মূল উৎস ইসরাইলি বর্ণনা: এই কাহিনির প্রায় পুরোটাই বাইবেল থেকে মুসলিম সমাজে প্রবেশ করেছে। এ কারণে গাধার কথা বলা ও নাভি পর্যন্ত জিহ্বা ঝুলে পড়ার মতো আজগুবি ব্যাপার-স্যাপার কাহিনিতে বেশি ফোকাস পেয়েছে।
৩. পরস্পরবিরোধী কাহিনি: বিভিন্ন বর্ণনায় বালআমের কাহিনি বিভিন্নভাবে এসেছে। কোথাও সে রাজার উপঢৌকনে প্রভাবিত, কোথাও নিজের কওমের অনুরোধে বদদোয়া করতে যায়। কোথাও আলাদিনের দৈত্যের কাহিনির মতো তিনবার দোয়ার সুযোগ পেয়ে তিনবারই তা নষ্ট করে।
৪. তাহির ইবনে আশুরের (রহ.) ভিন্ন ব্যাখ্যা: ‘আত-তাহরির ওয়াত-তানবির’ গ্রন্থে বিখ্যাত মুফাসসির তাহির ইবনে আশুর (রহ.) সুরা আরাফের ১৭৫-১৭৬ আয়াতের ব্যাখ্যায় ভিন্ন একটি মত তুলে ধরেছেন। তার মতে, এখানে বালআম ইবনে বাউরা উদ্দেশ্য নন। বরং আয়াতে ব্যবহৃত একবচনবাচক সম্বন্ধবাচক বিশেষ্য (اسم الموصول المفرد)-এর বাহ্যিক অর্থ এমন একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্দেশ করে, যার পরিচয় ও সামগ্রিক জীবনবৃত্তান্ত সম্পর্কে সম্বোধিত মানুষের আগে থেকেই ধারণা ছিল। এই বিবেচনায় কেউ কেউ আয়াতের আলোচ্য ব্যক্তি হিসেবে উমাইয়া ইবনে আবি আস-সালত আস-সাকাফির নাম উল্লেখ করেছেন। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসের (রা.) সূত্রে ইমাম তাবারির কাছে একাধিক সনদে এ মত বর্ণিত হয়েছে। যায়েদ বিন আসলাম (রহ.) থেকেও তা বর্ণিত হয়েছে। ইমাম কুরতুবি (রহ.) তার তাফসির গ্রন্থে এই মতকে সবচেয়ে প্রসিদ্ধ ও অধিক গ্রহণযোগ্য মত হিসেবে উল্লেখ করেছেন।
উমাইয়া ইবনে আবি আস-সালত আস-সাকাফি ছিলেন জাহেলি আরবের একজন কবি। তিনি প্রচলিত মূর্তিপূজায় সন্তুষ্ট ছিলেন না; সত্য ধর্মের সন্ধান করতেন। তাওরাত ও ইঞ্জিল অধ্যয়ন করেছিলেন। তবে ইহুদি ও খ্রিষ্টধর্মের মধ্যে তিনি নিজের কাঙ্ক্ষিত মুক্তির পথ খুঁজে পাননি। তার আকর্ষণ ছিল হজরত ইবরাহিমের (আ.) একত্ববাদী আদর্শ বা হানিফিয়্যার প্রতি। তিনি মূর্তিপূজা বর্জন করেছিলেন, মদকে হারাম মনে করতেন এবং তার কবিতায় তাওরাতের বিভিন্ন কাহিনি, আল্লাহর নাম, নবীদের পরিচয়, পরকাল, সওয়াব ও শাস্তির কথা উঠে এসেছে। তার বিশ্বাস ছিল, আল্লাহ আরবদের মধ্য থেকেই একজন নবী পাঠাবেন। ফলে তিনি আশা করেছিলেন, সেই নবী হয়তো তিনিই হবেন।
কিন্তু মুহাম্মদ (সা.) নবুওয়ত লাভ করার পর উমাইয়া তাকে মেনে নিতে পারেননি। বর্ণিত আছে, নবুওয়তের আগে তিনি বাহরাইনে চলে গিয়েছিলেন এবং সেখানে আট বছর অবস্থান করেন। মক্কায় ফিরে আল্লাহর রাসুলের (সা.) নবুওয়তের সংবাদ পাওয়ার পর তিনি দ্বিধায় পড়ে যান। পরে শামে যান এবং বদর যুদ্ধের পর ফিরে আসেন। কিন্তু শেষ পর্যন্ত হিংসা ও অহংকারের কারণে ইসলাম গ্রহণ করেননি। বদর যুদ্ধে নিহত মুশরিকদের জন্য শোকগাঁথাও রচনা করেছিলেন। এরপর তায়েফে চলে যান এবং নিজ জাতির ভূমিতেই অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন। তার কবিতায় ধর্মীয় ও আধ্যাত্মিক নানা বিষয় উঠে এলেও সত্যের কাছাকাছি পৌঁছেও তিনি তা গ্রহণ করতে পারেননি।
আল্লাহর রাসুল (সা.) তার সম্পর্কে বলেছেন, ‘উমাইয়া ইবনে আবি আস-সালত ইসলাম গ্রহণের উপক্রম হয়েছিল।’ মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় উমাইয়া বলেছিলেন বলেও বর্ণিত হয়েছে, ‘আমি জানি, হানিফিয়্যা সত্য; কিন্তু মুহাম্মদের (সা.) ব্যাপারে আমার মধ্যে সন্দেহ জাগে।
তাহির ইবনে আশুরের ব্যাখ্যা অনুযায়ী, ‘আমি তাকে আমার নিদর্শনসমূহ দিয়েছিলাম’—এর অর্থ হতে পারে, আল্লাহ উমাইয়ার অন্তরে শিরকের প্রতি ঘৃণা সৃষ্টি করেছিলেন, সত্য অন্বেষণের স্পৃহা জুগিয়েছিলেন, পূর্ববর্তী নবীদের কিতাব অধ্যয়নের সুযোগ করে দিয়েছিলেন এবং তার মনে হানিফিয়্যার প্রতি ভালোবাসা তৈরি করেছিলেন। কিন্তু যখন হজরত মুহাম্মদের (সা.) নবুওয়তের মাধ্যমে হেদায়েতের পথ তার সামনে স্পষ্ট হলো, তখন তিনি অহংকার, জেদ ও হিংসার বশবর্তী হয়ে সত্য থেকে মুখ ফিরিয়ে নিলেন। ফলে এত দিন সত্যের সন্ধানে অর্জিত জ্ঞান ও উপলব্ধি তাকে শেষ পর্যন্ত কোনো উপকার দিতে পারল না। শয়তান তাকে হেদায়েত থেকে বিচ্যুত করল এবং তিনি ইমান না এনেই মৃত্যুবরণ করলেন। (আত-তাহরির ওয়াত-তানবির, ৯/১৭৪-১৭৫)
তাহির ইবনে আশুরের (রহ.) এই ব্যাখ্যা আয়াতের আলোচ্য ব্যক্তি সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এটি স্পষ্ট করে যে, আয়াতের ব্যক্তিকে বালআম ইবনে বাউরা বলে চূড়ান্তভাবে শনাক্ত করার সুযোগ নেই। তাই তার নামে প্রচলিত বিচিত্র কাহিনিগুলোকে কোরআনের নিশ্চিত ব্যাখ্যা বা প্রমাণিত ইতিহাস হিসেবে গ্রহণ করা ঠিক হবে না।