রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় নিচে পড়ে মো. সামছুল মিয়া (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করে।
সামছুর ভাই সুমন জানান, তার ভাই বিষয় বিকেলে মোহাম্মদপুর সোসাইটি হাউজিংয়ের ১১ নম্বর রোডের একটি ৭ তলা নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ মাচান থেকে সামছু নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।