1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে গ্রামের পথে ছুটছেন মানুষ। এতে সড়ক-মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। শিল্পাঞ্চল সমৃদ্ধ গাজীপুরের পোশাক কারখানাগুলোতেও ছুটি শুরু হওয়ায় ঘরমুখী মানুষের চাপে যোগ হয়েছে বাড়তি মাত্রা। এর প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। বুধবার (১৮ মার্চ) ভোর ৪টার দিকে এই মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ছিল যানবাহনের দীর্ঘসারি।

গাজীপুরের চন্দ্রা মোড় থেকে মৌচাক পর্যন্ত তৈরি হওয়া এই যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন দেশের উত্তরাঞ্চলমুখী বিভিন্ন যানের চালক ও যাত্রীরা। বিকল্প সড়ক না থাকায় দীর্ঘ সময় থেমে থাকে যানবাহন। কোথাও কোথাও পুলিশি তৎপরতায় থেমে থেমে যানবাহন চলতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১৭ মার্চ) থেকে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে ছুটি শুরু হয়েছে। ধাপে ধাপে এই ছুটি বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। বিভিন্ন পোশাক কারখানা ১০ থেকে ১২ দিন পর্যন্ত ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। লম্বা ছুটি পাওয়ায় গ্রামের বাড়িতে ছুটছেন পোশাককর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, ঘরমুখী মানুষের ভিড়ে বুধবার ভোরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশে যানজট লেগেছিল। চন্দ্রা মোড় থেকে গাজীপুরের মৌচাক পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে ছিল যানবাহনের দীর্ঘসারি। তবে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কটিতে কোনো যানজট ছিল না।

জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকা থেকে চন্দ্রা মোড় পর্যন্ত ছাড়িয়েছে যানজট। দীর্ঘ সময় পর পর একটু একটু করে এগোচ্ছে যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও চন্দ্রা টার্মিনাল এলাকায় যানবাহনের যত্রতত্র দাঁড়িয়ে থাকা ও সড়কের ওপর আড়াআড়ি থামিয়ে যাত্রী তোলায় জটলা বাঁধছে। এতে ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা ভোগান্তির শিকার হন।

শ্যামলী পরিবহনের চালক শরিফুল ইসলাম জানান, গাজীপুর চৌরাস্তা থেকে মৌচাক পর্যন্ত যানজট ছাড়াই আসতে পেরেছি। তার পর থেকে শুরু হয়েছে যানজট। এক ঘণ্টায় মাত্র তিন কিলোমিটার সড়ক পার হতে পেরেছি।

পরিবহন শ্রমিক বাচ্চু মিয়া জানান, চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় কিছু লোকাল পরিবহন জটলা বাঁধিয়ে রাখায় মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে।

গাজীপুর থেকে রংপুরগামী এক বাসের যাত্রী মোবাইল ফোনে জানান, ভোগড়ার পেয়ারা বাগান থেকে রাত আড়াইটায় বাসে উঠেছেন তিনি। দেড় ঘণ্টায় চন্দ্রা পর্যন্ত এসেছেন। পুরো রাস্তা ফাঁকা থাকলেও চন্দ্রাতেই যানজট লেগে আছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম বলেন, দিনে চাপ তেমন একটা ছিল না। কিছু শিল্প কারখানা বিকেলে বন্ধ হওয়ায় রাতে যাত্রীদের ভিড় বেড়েছে। এ ছাড়া উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক চন্দ্রা হওয়ায় ঢাকার যানবাহনগুলোও এ পথেই প্রবেশ করছে। এতে কিছুটা যানজট রয়েছে। তবে রাত্রীকালীন টহলে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

ওসি সাউগাতুল আলম আরও জানান, ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা ও মহানগর ট্রাফিক পুলিশ অবিরামভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর