যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি যাত্রীবাহী ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় উড়োজাহাজটির চালকসহ ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন।
পাম বিচের যে এলাকায় উড়োজাহাজটি আছড়ে পড়েছে, সেখান থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগো দূরত্ব মাত্র ১৪ দশমিক ৪৮ কিলোমিটার (৯ মাইল)।
শনিবার বিকেলের দিকে ঘটেছে এ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
এক বিবৃতিতে এফএ ‘র পক্ষ থেকে বলা হয়েছে, ৯ জন আরোহীসহ ব্যক্তিগত জেট উড়োজাহাজটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেনের কাছে আবাসিক এলাকায় আছড়ে পড়ে। মার-এ-লাগো থেকে মাত্র ৯ মাইল দূরে এই দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বড় অগ্নিকাণ্ড ঘটে।
এফএএ’র বিবৃতিতে আরও বলা হয়, “এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এই ঘটনার তদন্ত করবে। এনটিএসবি তদন্তের দায়িত্বে থাকবে এবং তারাই এ বিষয়ে পরবর্তী সব তথ্য জানাবে।”
জরুরি সেবাদানকারী দলগুলো ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম এভিনিউ নর্থের মধ্যবর্তী ‘মিলিটারি ট্রেইল’ সড়কটি বন্ধ করে দিয়েছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
পাম বিচ কাউন্টি ফায়ার সার্ভিস তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, “বিমান দুর্ঘটনা ঘটেছে। এলাকাটি এড়িয়ে চলুন। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগতে পারে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নেমে আসছে এবং তার পরেই একটি বিস্ফোরণের ফলে ধোঁয়া ও আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ে।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, ‘লিয়ারজেট’ মডেলের বিমানটি বিকেল ৩টা ৩৭ মিনিটে অস্টিন থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করে এবং আছড়ে পড়ার আগে ৪১,০০০ ফুট উচ্চতায় উড়ছিল।
সূত্র : ফক্স নিউজ