এলোমেলো হাওয়ায় দোল খাওয়া পাতার ঝিরঝির শব্দ—
কী অদ্ভুত মায়া বিকিরণ করে,
অনুভবে অনুভূতিদের জাগ্রত করতে চায় ভীষণ,
স্মৃতির বাতায়নে তখনই ভেসে ওঠে তোমার নির্মল মুখ।
তোমাকে ভুলতে পারিনি বলে আজ আর অভিশাপ দিও না,
কিছু অভিযোগ না হয় জমা রেখে দাও সযত্নে।
উচ্ছ্বাসে প্রেম নিবেদিত হয়ে প্রকাশ পেয়েছিল বসন্তে,
তোমার অবহেলার দেওয়ালে চূর্ণ হয়ে ঝরেছিল রুক্ষ শীতে।
ইতিহাসের পাতায় সকল প্রেমের ঠাঁই হয় না, প্রেয়সী
কিছু প্রেম ব্যর্থতার মহাসাগরে ঢেউয়ের সাথে মিলিয়ে যায়।
ভরা শ্রাবণের মতো বিরহ-কাতরতায় কত প্রেমিক নিঃশেষ হয়,
কত প্রেমিক লেখে তার ব্যর্থ প্রেমের মহাকাব্য,
সে কবিতায় সৌন্দর্য থাকে না—থাকে কেবল ডুকরে ওঠা হাহাকার।
নিশাচর পাখিদের সাথে একটি রাত নির্ঘুম কাটাতে যদি,
তবে বুঝতে একটি নিদ্রাহীন রাত কতটা বেদনা বহনে সক্ষম।
আমি তো ব্যর্থতাকে বরণ করে নিয়েছি হৃদয়ের সমস্ত আকুলতায়,
বিরহের পেয়ালায় চুমুক দিয়ে নিয়েছি ভালোবাসার স্বাদ।