বুকের গহীন তলে, খুবই অভ্যন্তরে
কচি কিশলয়ের মতো উঁকি দিই
এক মাহেন্দ্রক্ষণ
ফাল্গুন-চৈত্রের সমস্ত মাসজুড়ে
সে এক অন্যরকম শিহরণ
অন্যরকম ভালোবাসা
পঞ্চাশের বুকে আছড়ে পড়ে সুনামির মতো
পাথর শরীরে নৃত্য করে মেঘের উর্বশী
তার প্লাবনে পদ্ম ফোটে মনের কোণে।
বেজে ওঠে সানাইয়ের সুর
বহে যায় দখিনা বাতাস
প্রেমার্ত চোখের পাঁপড়িগুলো
কাঁপতে থাকে তার আলিঙ্গনে।
এক অদ্ভুত আনন্দাশ্রু ভিজে দেয় শরীর
শ্রাবণের বৃষ্টি ভেজা চাঁদের মতো।
গোলাপ প্রস্ফুটিত হয় প্রেমিক হয়ে
তার স্পর্শে ডানা মেলে ভ্রমরের গুঞ্জন
অপেক্ষার ক্রন্দনসুরে ডেকে যায় কোকিল
মন ডেকে বলে আজ আমার বসন্ত।