আন্তর্জাতিক ডেস্ক | গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইউরোপের দেশ স্পেনে একটি বৈঠক হয়েছে। দুই ইউরোপীয় দেশের পাশাপাশি কয়েকটি মুসলিম দেশের নেতারা শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মাদ্রিদে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন।
সম্প্রতি নরওয়ে ও আয়ারল্যান্ডের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন। এরই ধারাবাহিকতায় দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে শুক্রবার বৈঠকের আয়োজন করলো দেশটির সরকার। নরওয়ে ও স্লোভেনিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বৈঠকে অংশ নেন।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার পাশাপাশি অংশ নেন মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও তুরস্কের সমন্বয়ে গঠিত আরব-ইসলামিক কনট্যাক্ট গ্রুপ ফর গাজার সদস্যরা। তবে এখানে ইসরাইলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
বৈঠকের আয়োজক দেশ হিসেবে স্পেন ইসরায়েল-ফিলিস্তিন রক্তক্ষয়ী সংঘাতের অবসানে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের ওপর জোর দিয়েছে ও সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট সময়সূচী নির্ধারণের আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.