রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামে পাশাপাশি দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের পুরোনো বট ও পাকুড় গাছ। বিশাল আকৃতি, বিস্তৃত শাখা-প্রশাখা আর মাটিতে নেমে আসা ঝুরি-শেকড়ের কারণে গাছ দুটি স্থানীয়দের কাছে পরিচিত যুগলবন্দি বৃক্ষ হিসেবে। একসময় নানা রহস্য, ভয় ও লোককথাকে ঘিরে পরিচিতি থাকলেও সময়ের পরিক্রমায় গাছ দুটি এখন দর্শনার্থীদের কৌতূহল ও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে প্রাচীন এই বৃক্ষকে ঘিরে গড়ে উঠতে পারে নতুন পর্যটন সম্ভাবনা।
সরেজমিনে জানা যায়, মুন্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামের রাস্তার দুই পাশে বিস্তৃত হয়ে আছে বট ও পাকুড় গাছের বিশাল শাখা-প্রশাখা। মাটি ছুঁয়ে থাকা ঝুরি-শেকড়, পাতার মর্মর ধ্বনি আর শান্ত গ্রামীণ পরিবেশ মিলিয়ে স্থানটি তৈরি করেছে এক ভিন্ন আবহ। স্থানীয়দের দাবি, গাছ দুটি প্রায় চারশ বছরের পুরোনো। দীর্ঘদিন ধরে এগুলোকে ঘিরে এলাকায় নানা লোককথা ও জনশ্রুতি প্রচলিত আছে।
লোককথা থেকে কৌতূহলের কেন্দ্রবিন্দু:
ময়েনপুর গ্রামের প্রবীণ ও মধ্যবয়সী বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গাছ দুটিকে ঘিরে প্রজন্মের পর প্রজন্ম ধরে নানা রহস্যময় গল্প প্রচলিত আছে। একসময় বিশেষ করে পাকুড় গাছটিকে ঘিরে মানুষের মধ্যে ভয় ও নানা কুসংস্কার কাজ করত। গ্রামের প্রবীণ বাসিন্দা সাবের হোসেন বলেন, ‘ছোটবেলায় আমরা এই পাকুড় গাছকে ঘিরে নানা ভীতিকর কথা শুনেছি। অনেক মা-বাবা ও মুরুব্বি এই গাছের ভয় দেখিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। প্রায় ৩০ বছর আগেও দিনের বেলায় অনেকে ভয়ে এই গাছের সামনে দিয়ে একা যেতে চাইতেন না।’

তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সেই ভয় ও ধারণায় পরিবর্তন এসেছে। কুসংস্কারের জায়গা দখল করেছে কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসা। বর্তমানে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছ দুটি দেখতে আসেন। কেউ গাছের ছায়ায় সময় কাটান, কেউবা মুঠোফোন ও ক্যামেরায় ছবি তুলে স্মৃতি ধরে রাখেন। গাছ দুটির পাশেই গড়ে উঠেছে কয়েকটি ছোট দোকান। সেখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দর্শনার্থীরাও চা-নাশতা করে সময় কাটান।
দর্শনার্থী ও পরিবেশকর্মী সোহেল রানা বলেন, ‘এখানে এসে জলবায়ু ও পরিবেশ নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি করেছি। এই বটগাছটি ইতিহাস, পরিবেশ ও জলবায়ুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গাছটির আদি ইতিহাস এখানকার মানুষও ভালোভাবে জানেন না। একটি বটগাছ কালের সাক্ষী হয়ে টিকে আছে। আমরা চাই, সরকার এটিকে সংরক্ষণের উদ্যোগ নিক।
বয়স নিয়ে ভিন্নমত, নেই দালিলিক প্রমাণ:
গাছ দুটির প্রকৃত বয়স কত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আছে ভিন্নমত। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য দালিলিক প্রমাণ বা বৈজ্ঞানিক জরিপ পাওয়া যায়নি। স্থানীয়দের বড় একটি অংশের ধারণা, গাছ দুটির বয়স প্রায় ৪০০ বছর। তবে কারও কারও মতে, এগুলোর বয়স ৫০০ বছরও হতে পারে।
স্থানীয় বাসিন্দা সুমন আলী বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই গাছগুলোকে এমন বিশাল আকৃতিতে দেখে আসছি। এর সঠিক বয়স কেউ নিশ্চিত করে বলতে পারেন না। তবে অনেকের মতে, এই বট ও পাকুড় গাছের বয়স ৫০০ বছরও হতে পারে। এত পুরোনো গাছ আমাদের এলাকায় আর চোখে পড়ে না।’
গ্রামের প্রবীণ বাসিন্দা শুকুর মিয়া বলেন, ‘আমরা বাপ-দাদার কাছ থেকে এই গাছের গল্প শুনতাম। তাঁরাও গাছটির বয়স সম্পর্কে জানতেন না। এই গাছের প্রকৃত বয়স আমাদের জানা নেই। তবে ৪০০-৫০০ বছরের পুরোনো তো হবেই। এখন প্রায়ই দেখি, শহর থেকে মানুষ ঘুরতে আসেন, পিকনিক করেন। এ ছাড়া অনেক সময় এই বটগাছের নিচে বড় বড় সম্মেলনও অনুষ্ঠিত হতে দেখা যায়।’
প্রাচীন বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, অনেক ক্ষেত্রে কোনো এলাকার ইতিহাস, জনবসতি ও স্থানীয় সংস্কৃতির স্মারক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গাছ দুটির প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব নির্ধারণে প্রয়োজন বৈজ্ঞানিক অনুসন্ধান ও যথাযথ গবেষণা।
পর্যটন সম্ভাবনা, প্রয়োজন সংরক্ষণ উদ্যোগ:
শান্ত ও নিরিবিলি পরিবেশে অবস্থিত ময়েনপুরের এই প্রাচীন বট-পাকুড় গাছকে ঘিরে পর্যটনের সম্ভাবনা দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, যাতায়াতব্যবস্থার উন্নয়ন, দর্শনার্থীদের বসার ব্যবস্থা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং গাছ দুটির যথাযথ সংরক্ষণ করা গেলে স্থানটি স্থানীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

স্থানীয় বাসিন্দা শামিম বলেন, ‘এখন প্রায়ই দূর-দূরান্ত থেকে লোকজন গাছটি দেখতে আসেন, ছবি তোলেন। এখানকার পরিবেশ খুব সুন্দর ও শান্ত। সরকার যদি জায়গাটির একটু দেখভাল করে, পরিচ্ছন্নতা ও নিরাপত্তার ব্যবস্থা নেয়। তাহলে এটি একটি সুন্দর পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির হাসান হিমেল বলেন, ‘ময়েনপুর গ্রামের প্রাচীন বট ও পাকুড় গাছ এখন আর কেবল লোককথা কিংবা রহস্যের বিষয় নয়; বরং প্রকৃতি, ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের অনন্য নিদর্শন। সঠিক বয়স নির্ধারণ, গবেষণা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া গেলে এ যুগলবন্দি বৃক্ষ রাজশাহীর পর্যটন মানচিত্রে নতুন আকর্ষণ হিসেবে জায়গা করে নিতে পারে।’
মুন্ডুমালা এলাকার এনজিও কর্মী শাকিল বলেন, ‘ময়েনপুর গ্রামের প্রাচীন বট ও পাকুড় গাছ দুটি এই এলাকার প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ গাছ দুটি দেখতে আসেন। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে স্থানটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এ জন্য গাছ দুটির সঠিক বয়স নির্ধারণ, সংরক্ষণ, পরিবেশের পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত।’

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, ‘কোনো গাছের বয়স ৪০০ বা ৫০০ বছর কি না, তা শুধু লোককথার ভিত্তিতে নির্ধারণ করা যায় না। বৈজ্ঞানিক পদ্ধতি, উদ্ভিদবিজ্ঞানীদের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট এলাকার ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে তা যাচাই করা সম্ভব। তবে এত প্রাচীন বৃক্ষ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এ বিষয়ে উদ্ভিদবিজ্ঞানীরা ভালো বলতে পারবেন। আমরা সরাসরি গাছ দুটি দেখিনি। সরেজমিনে দেখার পর এ বিষয়ে মন্তব্য করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.