সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত যোগাযোগ, ব্যবসার প্রচার কিংবা কনটেন্ট প্রকাশের জন্য অনেকেই ইনস্টাগ্রাম ব্যবহার করেন। ফলে অ্যাকাউন্ট বা পেজ হ্যাক হলে শুধু ব্যক্তিগত তথ্য নয়, ব্যবসার ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকে।
হ্যাকার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ই-মেইল বা ফোন নম্বর বদলে দিতে পারে। এমনকি পরিচিতদের কাছে ভুয়া বার্তা পাঠিয়ে টাকা চাইতে পারে। এছাড়া অ্যাকাউন্টে আপত্তিকর ভিডিও-ছবি বা ভায়োলেন্ট কনটেন্ট আপলোড করতে পারে। তাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বুঝতে পারলে দেরি না করে কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আসুন ইনস্টাগ্রাম হ্যাক হলে তাৎক্ষণিক কি করবেন জেনে নিন-
১. ইনস্টাগ্রামের অফিসিয়াল রিকভারি পদ্ধতি ব্যবহার করুন:
অ্যাকাউন্টে লগইন করতে না পারলে প্রথমেই ব্রাউজারে instagram.com/hacked খুলুন। এখানে অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা লগইন-সংক্রান্ত সমস্যার জন্য নির্দেশনা পাওয়া যায়। নিজের পরিস্থিতি অনুযায়ী বিকল্প বেছে নিয়ে ধাপগুলো অনুসরণ করুন। পরিচিত ফোন বা কম্পিউটার থেকে চেষ্টা করলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়ায় সুবিধা হতে পারে। পরিচয় যাচাইয়ের জন্য ইনস্টাগ্রাম অতিরিক্ত তথ্য বা ভিডিও সেলফিও চাইতে পারে। তবে সব অ্যাকাউন্টে একই পদ্ধতি দেখানো হয় না।
২. ই-মেইল ও পাসওয়ার্ড পরীক্ষা করুন:
ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত ই-মেইল অ্যাকাউন্টটিও সুরক্ষিত করুন। সেখানে অননুমোদিত লগইন বা পাসওয়ার্ড পরিবর্তনের কোনো নোটিফিকেশন এসেছে কি না দেখুন। ই-মেইল ঠিকানা বদলে দেওয়ার বার্তা পেলে সেটি সত্যিই ইনস্টাগ্রাম থেকে এসেছে কি না যাচাই করুন। বার্তায় পরিবর্তন বাতিল বা অ্যাকাউন্ট সুরক্ষিত করার বিকল্প থাকলে অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করুন। পাশাপাশি ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিন এবং অন্য কোথাও একই পাসওয়ার্ড ব্যবহার করলে সেগুলোও পরিবর্তন করুন।
৩. পরিচিতদের সতর্ক করুন:
অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারলে অন্য কোনো যোগাযোগমাধ্যমে বন্ধু, পরিচিত ও অনুসরণকারীদের সতর্ক করুন। জানিয়ে দিন, আপনার ইনস্টাগ্রাম থেকে টাকা চাওয়া, সন্দেহজনক লিঙ্ক পাঠানো বা ব্যক্তিগত তথ্য চাওয়া হলে যেন তারা সাড়া না দেন। ব্যবসায়িক অ্যাকাউন্ট হলে অন্য প্রশাসক বা সহকর্মীদেরও বিষয়টি জানান। এতে হ্যাকার পরিচিতদের প্রতারণা করার সুযোগ কম পাবে।
৪. অ্যাকাউন্ট ফিরে পেলে নিরাপত্তা বাড়ান:
অ্যাকাউন্টে ফের প্রবেশ করতে পারলে সঙ্গে সঙ্গে নতুন ও শক্তিশালী পাসওয়ার্ড দিন। এরপর সেটিংসের Accounts Center থেকে Password and security বিভাগে গিয়ে Where you're logged in অপশন পরীক্ষা করুন। অপরিচিত ডিভাইস বা সেশন থেকে লগআউট করুন। যুক্ত ই-মেইল ও ফোন নম্বর ঠিক আছে কি না দেখুন এবং অচেনা সংযুক্ত অ্যাপের অনুমতি প্রত্যাহার করুন। এরপর টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন। এতে নতুন ডিভাইস থেকে লগইনের সময় অতিরিক্ত যাচাইকরণ প্রয়োজন হবে।
৫. প্রতারণার ফাঁদে পা দেবেন না:
অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে কেউ টাকা চাইলে সতর্ক থাকুন। অপরিচিত কাউকে পাসওয়ার্ড, ওটিপি বা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কোড দেবেন না। ইনস্টাগ্রামের নামে আসা সন্দেহজনক বার্তার লিঙ্কেও ক্লিক করবেন না। মনে রাখবেন, অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য অফিসিয়াল পদ্ধতি অনুসরণ করাই নিরাপদ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.