শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের অপচয়রোধে এসএসসি পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এখন সে অনুযায়ী ২০২৭ খ্রিষ্টাব্দের ৭ জানুয়ারি পরীক্ষা নেয়ার প্রস্তুতি শিগগির শুরু হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
শনিবার (১৫ আগস্ট) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকতা বিজনেস ডাইজেস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা অনুযায়ী। এখন সেই অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করবো। পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই।
চলতি বছরের ২৫ জুন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে।
সে সময় শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সব স্টেকহোল্ডার (অংশীজন) জানিয়েছেন যে, রোজা ও ঈদের আগেই পরীক্ষা শেষ হওয়া ভালো। তাদের মতামতের ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষা এগিয়ে আনার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, ভিন্নভাবে চিন্তা করলে দেখা যাবে, সেশনজটের কারণে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর ক্ষেত্রে সামগ্রিকভাবে ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়। আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে, এটি দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে (জনমিতিক লভ্যাংশ) পিছিয়ে দেয়। শিক্ষা মন্ত্রণালয়ের মূল দায়িত্বই হলো এই সময়কে সমন্বয় করা এবং আমরা এখন সেই চেষ্টাই করছি।