কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে যাওয়ার ভয় কিংবা অফিসের গুরুত্বপূর্ণ বার্তা পাঠানোর তাড়া এ বার এসব ঝামেলা থেকে মুক্তি দেবে হোয়াটসঅ্যাপের নতুন শিডিউল মেসেজ ফিচার। কী ভাবে ব্যবহার করবেন এই সুবিধা?
সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত কথাবার্তা থেকে শুরু করে অফিসের কাজ, সব ক্ষেত্রেই প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করেন কোটি কোটি মানুষ। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ করতে নিয়মিত নতুন নতুন ফিচার আনছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে মেসেজ শিডিউল করার সুবিধা।
নতুন এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আগে থেকেই নিজেদের পছন্দের মেসেজ লিখে রাখতে পারবেন। পাশাপাশি ঠিক করে দিতে পারবেন কোন তারিখে এবং কত সময়ে সেটি পাঠানো হবে। নির্ধারিত সময় এলেই স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে সেই বার্তা। ফলে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো, বিশেষ দিনের কথা মনে করিয়ে দেওয়া কিংবা অফিসের কোনো জরুরি তথ্য পাঠানোর জন্য নির্দিষ্ট সময়ে অনলাইনে থাকার প্রয়োজন হবে না।
এত দিন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাতে হলে নিজেকেই সেই সময়ে চ্যাট খুলে বার্তা পাঠাতে হতো। নতুন সুবিধায় সেই কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপেও ব্যবহার করা যাবে এই ফিচার।
কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন?
নতুন সুবিধাটি ব্যবহার করতে প্রথমেই নিজের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করে নিতে হবে। অ্যাপ আপডেট করা থাকলে নিচের ধাপগুলি অনুসরণ করুন।
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। যে ব্যক্তি বা গ্রুপে নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠাতে চান, সেই চ্যাটটি খুলুন।
এবার পাঠানোর জন্য প্রয়োজনীয় মেসেজটি লিখে নিন।
মেসেজ লেখার পর সেন্ড বাটনে কিছুক্ষণ চেপে ধরে রাখুন।
* স্ক্রিনে নির্দিষ্ট সময় ও তারিখ বেছে নেওয়ার অপশন আসবে।
* নিজের প্রয়োজন অনুযায়ী মেসেজ পাঠানোর দিন এবং সময় নির্বাচন করুন।
* সব তথ্য ঠিক থাকলে শিডিউল নিশ্চিত করুন। এরপর নির্ধারিত সময়ে নিজে থেকেই পাঠিয়ে দেওয়া হবে মেসেজটি।
* ফোন বন্ধ থাকলেও পাঠানো যাবে শিডিউল মেসেজ?
এই ফিচারের অন্যতম সুবিধা হলো, মেসেজ পাঠানোর নির্ধারিত সময়ে ফোন চালু রাখা বা ইন্টারনেট সংযোগ সচল রাখার প্রয়োজন হবে না। এমনকি ফোনের ব্যাটারি শেষ হয়ে গেলেও কিংবা ডিভাইস বন্ধ থাকলেও নির্ধারিত সময়ে মেসেজ পৌঁছে যাবে প্রাপকের কাছে। অর্থাৎ মেসেজ পাঠানোর দায়িত্ব ব্যবহারকারীর ফোনের পরিবর্তে হোয়াটসঅ্যাপের ব্যবস্থাই সামলাবে।
নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখেছে সংস্থাটি। শিডিউল করা মেসেজের ক্ষেত্রেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি কার্যকর থাকবে। ফলে সাধারণ হোয়াটসঅ্যাপ মেসেজের মতোই এই বার্তাগুলিও সুরক্ষিত থাকবে।
কত দিন আগে মেসেজ শিডিউল করা যাবে?
প্রকাশিত তথ্য অনুযায়ী, কোনো মেসেজ পাঠানোর ১০ মিনিট আগে থেকে সর্বোচ্চ ১৪ দিন আগে পর্যন্ত সময় নির্ধারণ করা যাবে। শুধু সাধারণ লেখা নয়, ছবি এবং ভিডিও পাঠানোর সময়ও আগে থেকে ঠিক করে রাখা যাবে।
ধরুন, ২৫ ডিসেম্বর কারো জন্মদিন। ব্যস্ততার কারণে সেদিন শুভেচ্ছা জানাতে ভুলে যেতে পারেন। তাই আগেই মেসেজ লিখে নির্দিষ্ট সময় ঠিক করে রাখলেই হবে। একই ভাবে অফিসের মিটিং, গুরুত্বপূর্ণ ঘোষণা কিংবা কোনো কাজের সময়সীমা মনে করিয়ে দেওয়ার বার্তাও আগে থেকে শিডিউল করে রাখা সম্ভব। তবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই সুবিধা পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
মেটার ঘোষণা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে নতুন ফিচারটি। ফলে সবার ফোনে একই সময়ে সুবিধাটি নাও দেখা যেতে পারে। তাই হোয়াটসঅ্যাপ আপডেট রাখার পাশাপাশি ফিচারটি চালু হয়েছে কি না, সেটিও দেখে নিতে পারেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.