নিজস্ব প্রতিবেদক | ঢাকা-৭ আসনে ২০২৪ সালের আমি-ডামি নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বড় ছেলে।
বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, চকবাজার থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সোলায়মান সেলিম। তিনি গুলশানে এক আত্মীয়র বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া ১টায় চকবাজার থানা পুলিশ সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। গত ১ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কারাগারে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.