দেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠন করতেও বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রুলসহ এ আদেশ দেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি ওই নির্দেশ দেয়া হয়েছে।
রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। এ-সংক্রান্ত রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর বলেন, ‘দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তারা নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ।’
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়। ওই গবেষণায় দেখা গেছে, ঢাকার স্কুলপড়ুয়া শিশুদের ৮৩ দশমিক ৩ শতাংশ প্রতিদিন ২ ঘণ্টার বেশি সময় ডিজিটাল পর্দার সামনে কাটায়। অর্থাৎ গবেষণায় অংশ নেয়া ৪২০ শিশুর মধ্যে ৩৫০ জনই দিনে ২ ঘণ্টার বেশি সময় স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহার করে।
রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিশুর ওপর ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত গবেষণাটি পরিচালিত হয়। এর মধ্যে তিনটি বাংলা মাধ্যম ও তিনটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। গবেষণার ফলাফল ২০২৬ সালের ৪ মে আন্তর্জাতিক সাময়িকী ‘জেএমআইআর হিউম্যান ফ্যাক্টরস’-এ প্রকাশিত হয়।
গবেষণায় অংশ নেয়া শিশুদের প্রতিদিন গড়ে ৪ দশমিক ৬ ঘণ্টা স্ক্রিনের সামনে কাটানোর তথ্য পাওয়া গেছে। গবেষকদের হিসাবে, ২ ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহারকারী শিশুদের গড় ব্যবহারকাল ছিল প্রায় ৫ ঘণ্টা। অর্থাৎ শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের সময় আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সীমার চেয়ে অনেক বেশি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.