নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। গোলশূন্য প্রথমার্ধে আফ্রিকান পরাশক্তিরা দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে এমবাপে ঝড়ে জয় পায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফ্রান্সের সেই চিরচেনা রূপের দেখা মেলেনি প্রথমার্ধজুড়ে। এমনকি এ সময়ে সেনেগালের গোলপোস্টে কোনো শটই রাখতে পারেনি কিলিয়ান এমবাপের দল।
সেদিক থেকে প্রথমার্ধে এগিয়ে ছিল আফ্রিকান পরাশক্তিরা। ম্যাচের ২৫ মিনিটে নিকোলাস জ্যাকসন গোলের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তার শট পোস্টে গিয়ে আঘাত করে। এছাড়া প্রথমার্ধের খেলা শেষের ঠিক আগমুহূর্তে ইসমাইলা সার-ও গোল করার একটি বিশাল সুযোগ হাতছাড়া করেন।
তবে দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে ফ্রান্স। ৬৬ মিনিটে ওলিসে নিখুঁত এক পাস বাড়িয়ে দেন সেনেগালের পেনাল্টি বক্সের ডান দিকে। দুর্দান্ত টাইমিংয়ে সেখান থেকে নেয়া শটে জালে বল পাঠান এমবাপে। ১-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স।
দুই মিনিট পরই আবারো নিকোলাস জ্যাকসনের আক্রমণ। ফ্রান্সের পেনাল্টি বক্সে ঢুকে ওপর দিয়ে আসা বলের নিয়ন্ত্রণে নিয়েই জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। কিন্তু অফসাইড!
৮২ মিনিটে আরো এক গোলে এগিয়ে যায় ফ্রান্স। আদ্রিয়ান রাবিওটের পাস থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দুর্দান্ত গোল করেন ব্র্যাডলি বার্কোলা।
এরপর ইনজুরি টাইমে আবার এমবাপের ঝলক। বক্সের অনেকটা বাইরে থেকে আচমকা শটে গোল পান তিনি। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.