1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

রাইসুল এইচ চৌধুরীর কবিতা : অনির্বচনীয় এবং ভীষণ একা

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

অনির্বচনীয়
—————————-
এমন কোনো কলম কি আছে!
যা দিয়ে তোমাকে লেখা যায়?
তোমাকে পড়া যায় কোনো বর্ণমালায়;
আমার ঠোঁটের বাঁকে মিছে-মিছে
অজস্র কথামালা দোল খায়;
রংতুলির সব রং শুকিয়ে-শুকিয়ে মিশে যায়
সুদূর নিলীমায়,
প্রশ্নগুলো কড়া নাড়ে হৃদয় দরজায়
এত রূপ কোথা থেকে পেলে?
বসফরাসের জল রোদের গন্ধে মিলায়
পরিযায়ী কল্পনাগুলো ডানা মেলে
স্বপ্নের চিল ওড়ে ইথারের ছায়ায়;
তোমার স্পর্শ মিশে লাজুক দুপুরে
চুপিচুপি বাঁশি বাজে এই অবেলায়;
আমি ল্যাম্পপোস্ট হয়ে দাঁড়িয়ে থাকি, তোমার শহরে;
এমন কোনো বিশ্বাসকোষ কি আছে!
যা দিয়ে তোমাকে বর্ণনা করা যায়?

খোলাচুল হাওয়ায় দোলে
দখিনা জানালায়;
আকাশী শাড়ির আঁচল ছন্দ তোলে
সারা মহল্লায়;
তোমার শরীরের সুবাস কস্তুরীমৃগ
ক্লান্তিময় দিনের করে অবসান;
তাবৎ পৃথিবী খুঁজে পায় স্বর্ণমৃগ
লেখে নতুন আফসান,
এমন কোনো স্পর্শ কি আছে!
যা দিয়ে তোমাকে ভোলা যায়?

জীবন ছায়াপথে তোমার রূপের রেণুমাখা
দিবস-রজনী স্মৃতির ডায়েরি খুলে;
খুঁজে ফিরি, সবই যেন আজও অদেখা
জাগতিক কোলাহল সবকিছু ভুলে;
তোমাকে দেখার তৃষ্ণা পাখা মেলে
হাত রাখি তোমার খোলা চুলে!
সূর্যের মতো নিয়ম করে হেসে খেলে
তোমার চুলের ঘ্রাণ নিই;
এক চিমটি কাজল গুঁজে দিই
মায়াবী চোখের পাঁপড়িতে;
তারপর তোমার কপোলের টোল
আভা ছড়ায়, শহর, জনপদ, সমগ্র নগরীতে;
এমন কোনো কবিতা কি আছে!
যা দিয়ে তোমাকে অলঙ্কৃত করা যায়?

*****

ভীষণ একা
——————————-

যেভাবে ভাবি যখন ভাবি
আসলে আমি ভীষণ একা
একলা সকাল, একলা বিকেল
একলা পায়ের নূপুর যেমন
ভীষণ একা;
একলা শালিক দিনের শেষে;
রাতের শেষে-
চুপটি করে থাকে একা
আমি তেমন ভীষণ একা!
ভীষণ একা, ভীষণ একা।

রাত পোহালে সকাল যেমন
নদীর জলে শ্যাওলা যেমন
কাকচক্ষু জলের নিচে
কানাবগি চক্ষু মেলে
যেমন করে একলা আকাশ
বয়ে চলে জীবনব্যাপী;
যেমন করে রোদের ঘ্রাণে
ডানা শুকোয় একলা বিকেল
আমি তেমন ভীষণ একা
ভীষণ একা, ভীষণ একা।

দিবস কাটে একলা আমার
রাত্রি কাটে একলা আমার
নাইতে গেলে দিঘির জলে
কত শত প্রশ্ন জাগে!
শাপলা-শালুক, শামুক-ঝিনুক
সবাই বুঝি একলা এমন!
কষ্ট লুকোয় বুকের কোণে
অশ্রুবিহীন চোখের কোণে
সবাই কেন একলা চলে!
পৃথিবীটা একলা যেমন
আকাশের চাঁদ একলা যেমন
আমি তেমন ভীষণ একা
ভীষণ একা, ভীষণ একা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর