আজ জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব বলেছেন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ নির্মাণে তরুণদের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। যুবসমাজ শুধু দেশের ভবিষ্যৎ নয়, বর্তমানেরও অন্যতম প্রধান শক্তি।
তিনি বলেন, তরুণদের শুধু ভোটার হিসেবে নয়, রাষ্ট্র ও সমাজের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশীদার হিসেবে দেখতে হবে। শিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ বাড়ানোর পাশাপাশি তরুণদের নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
তানিয়া রব বলেন, রাষ্ট্র জনগণের জন্য এবং রাষ্ট্রের ক্ষমতার মূল উৎস জনগণ। তাই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনগণের কাছে জবাবদিহিমূলক হতে হবে। তরুণদের নেতৃত্ব, সততা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, যুব পরিষদ তরুণদের সংগঠিত করে সচেতন, অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম শামছুল আলম নিক্সন।
যুব পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেএসডি'র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, হৃদয়ে পতাকা ২রা মার্চ এর সভাপতি কবি সাহানা সুলতানা, যুব পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মাহফুজ আলম জাহিদ, মোহাম্মদ মাকসুদুল হক স্বাধীন সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.