1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মিরসরাইয়ে কমে যাচ্ছে আবহমান বাংলার ঐতিহ্যের ফল ডেউয়া

কৃষি ও প্রকৃতি ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে দিন দিন কমে যাচ্ছে গ্রামবাংলার অতি পরিচিত ডেউয়া ফল। একসময় উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ ফলের গাছ দেখা যেত। তবে এখন আর খুব বেশি চোখে পড়ে না। স্থানীয় বাজারেও আগের মতো দেখা যায় না। প্রবীণদের কাছে প্রিয় ও পরিচিত হলেও নবীনদের কাছে একেবারে অপরিচিত।

উপজেলার আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসা মাঠের একপাশে কয়েকটি ডেউয়া ফলের গাছ চোখে পড়ে। সবুজ পাতার ফাঁকে ফল ঝুলছে। ডেউয়া ফল ভাঙলে ভেতরটি ছোট ছোট কাঁঠালের কোয়ার মতো দেখতে। কিন্তু এটি কাঁঠাল নয়। এটি অম্ল-মধুর স্বাদের ডেউয়া ফল।

আবহমান বাংলার ঐতিহ্যের ফল ডেউয়া। পুষ্টিগুণে ভরপুর, ওষুধি গুণেও অনন্য। অজ্ঞতার কারণে আমাদের খাদ্যতালিকা থেকে হারিয়ে যাচ্ছে ফলটি।

বিশেষজ্ঞরা বলেন, আমাদের জানার বাইরে পুষ্টি ও ওষুধি গুণে ভরপুর অনেক দেশি ফল আছে। ডেউয়া গাছের পাতা, ফল, ছাল ও শেকড়ে ওষুধি গুণ আছে। এটি হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ত্বক ও চুলের যত্নে কাজে লাগে।

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফল রক্তশূন্যতা কমাতে সহায়ক। কাঁচা ডেউয়া বেটে গরম পানিতে মিশিয়ে খেলে পেট পরিষ্কার হয়। এটি যকৃতের বিভিন্ন রোগ নিরাময়ে সাহায্য করে। বলিরেখা দূর করে ত্বককে সতেজ রাখে।

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের সুকুমার চন্দ্র নাথ বলেন, ‘ডেউয়া উৎকৃষ্টমানের ফল। আগে এলাকার প্রায় প্রতিটি বাড়িতে ডেউয়া গাছ ছিল, এখন নেই। নতুন প্রজন্মের কাছে এটি অনেকটাই অপরিচিত।’

আবুরহাট মনিরুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম বলেন, ‘ছোটবেলায় কত ডেউয়া গাছ দেখেছি। এখনকার প্রজন্ম এ ফল চেনে না। মাদরাসার মাঠের পাশে কয়েকটি গাছ আছে। বর্ষাকালে ফল আসে। মাদরাসার ছাত্র-শিক্ষকরা খেয়ে থাকে।’

স্কুলশিক্ষক নুরুল হুদা বলেন, ‘ওষুধি গাছ হিসেবে ডেউয়া গাছ বেশি করে লাগানোর প্রয়োজন। এটি গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফল। নির্বিচারে গাছ কাটার কারণে এটি হারিয়ে যাচ্ছে।’

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, ‘গ্রামাঞ্চলে ডেউয়া গাছ আগের মতো চোখে পড়ে না এটা ঠিক। আমাদের এ ফল গাছের চারা বেশি বেশি লাগানো উচিত। ডেউয়া গাছ সব ধরনের মাটিতে লাগানো যায়। মিশ্র বাগানে একটি করে ডেউয়া গাছ লাগানো হলে আবাদ বাড়বে।’

তিনি বলেন, ‘ডেউয়া ফলে থাকে জিংক, কপার আয়রন, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি ও বিটা-ক্যারটিন। পাশাপাশি এতে আছে অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। শুধু ফল নয়, ডেউয়ার বীজও স্বাস্থ্যের জন্য উপকারী।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর