প্রিয় নবীজি (সা.) প্রাণীদের প্রতি খুব দয়ার্দ্র ছিলেন। তাঁর জীবনীতে এ রকম অসংখ্য ঘটনা পাওয়া যায়। কারণ, আল্লাহ তাআলা তাঁকে ‘রাহমাতাল্লিল আলামিন’ বা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ‘ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন’ অর্থাৎ আমি গোটা বিশ্বের জন্য, সবার জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি।
সবার জন্য তিনি রহমত হয়ে এসেছিলেন। মানুষের জন্য যেমন রহমত, জিনদের জন্যও তিনি রহমত। এমনকি প্রাণিকুলের জন্যও তিনি রহমত হয়ে পৃথিবীতে এসেছেন। মানুষের প্রতি তিনি যেমন দয়া দেখিয়েছেন, প্রাণীদের প্রতিও তেমন দয়া দেখিয়েছেন।
একবার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় একটি খেজুর বাগানে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি দেখতে পেলেন, দূর থেকে একটি উট কান্না করতে করতে তার কাছে ছুটে আসছে। উটটি কাছে এলে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মমতাভরে তাঁর হাত দিয়ে উটের মাথায় আদর করতে আরম্ভ করলেন।
প্রিয় নবীজির (সা.) মমতা মাখা হাতের স্পর্শে উটের কান্না বন্ধ হলো। উট রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কানে কী কী যেন বলল, যা অন্যরা বুঝতে পারলো না।
উটের কথা শুনে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খুঁজতে আরম্ভ করলেন যে উটের মালিক কোথায়। একজন আনসারি যুবক সাহাবি এগিয়ে এলেন।
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার এই উট আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে যে তুমি একে ক্ষুধার্ত রাখো, কিন্তু একে দিয়ে অনেক কাজ করাও। তুমি কি এই বোবা, এই নিরীহ প্রাণীটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? কেয়ামতের দিন এটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। খবরদার, এই নিরীহ প্রাণীটির ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো।
নবীজির (সা.) এই সতর্কবার্তা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। পোষা প্রাণী হোক বা রাস্তার কুকুর-বেড়াল হোক, সব প্রাণীর সঙ্গে আমাদের ভালো আচরণ করতে হবে। কোনো প্রাণীর প্রতি কখনো রূঢ় ও কঠিন আচরণ করা যাবে না। তাদের প্রতি রহমদিল হতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.