একসময় কমলা বলতে সিলেট কিংবা বিদেশি ফলের কথাই মনে করতেন অনেকে। তবে সেই ধারণা বদলে দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর। উপজেলার লালমাটির টিলা ও সমতলজুড়ে গড়ে উঠেছে কমলার বাগান। গাছের ডালে ডালে ঝুলছে থোকা থোকা সোনালি কমলা। স্বাদ ও মানে ক্রেতাদের আস্থা অর্জনের পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। কমলা চাষ ঘিরে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান, বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। এতে বদলে যেতে শুরু করেছে বিজয়নগরের গ্রামীণ অর্থনীতির চিত্র।
রসে টইটম্বুর আর মিষ্টতায় অনন্য হওয়ায় স্থানীয় এই কমলা ইতোমধ্যেই সাধারণ ক্রেতা ও পাইকারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
বিজয়নগর উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লালমাটি মূলত লিচু, কাঁঠাল ও মাল্টা চাষের জন্য প্রসিদ্ধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের কৃষকরা বাণিজ্যিকভাবে ‘দার্জিলিং’ ও ‘চায়না’ জাতের কমলা চাষে ঝুঁকেছেন। অল্প পুঁজিতে অধিক লাভ এবং রোগবালাই তুলনামূলক কম হওয়ায় দিন দিন বাড়ছে কমলা বাগানের সংখ্যা। ফরমালিনমুক্ত ও শতভাগ নিরাপদ হওয়ায় বাগান থেকেই কেজি প্রতি ২০০ টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে এসব কমলা।

বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সফল কমলা চাষি মো. খোকন মিয়া তার বাগানের পরিচর্যা করতে করতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, শুরুতে যখন ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করি, তখন প্রতিবেশীরা অনেকেই হাসাহাসি করেছিল। কিন্তু কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী জৈব সার আর সঠিক পরিচর্যা করার পর তৃতীয় বছর থেকেই গাছে বাম্পার ফলন আসতে শুরু করে। এ বছর আমার বাগানের প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি করে কমলা ধরেছে। বাজারে নেওয়ার আগেই পাইকাররা বাগান থেকে অগ্রিম টাকা দিয়ে ফল কিনে নিচ্ছেন। খরচ বাদ দিয়ে এবার ৩ থেকে ৪ লাখ টাকার মতো লাভ থাকবে বলে আশা করছি।
কমলার এই বাম্পার ফলনের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন বিকেল হলেই বিজয়নগরের বাগানগুলোতে ভিড় জমাচ্ছেন অসংখ্য প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থী। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা গাছ থেকে নিজ হাতে তাজা কমলা পেড়ে কিনছেন এবং ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থী শিক্ষক মেহেরুন্নেছা সুমি বলেন, ফেসবুকে বিজয়নগরের কমলা বাগানের ছবি দেখে বিশ্বাসই হচ্ছিল না যে আমাদের জেলার মাটিতে এত সুন্দর কমলা হয়! সরাসরি বাগানে এসে গাছভর্তি কমলা দেখে মন ভরে গেল। এখানকার কমলাগুলো বাজারের কেনা কমলার চেয়ে অনেক বেশি মিষ্টি ও রসালো। বাচ্চাদের নিয়ে দারুণ একটি সময় কাটালাম, বাড়ির জন্যও ৫ কেজি তাজা কমলা কিনে নিয়ে যাচ্ছি।
আরেক জন দর্শনার্থীরা তারিন আক্তার রুমি বলেন, বিজয়নগর এলাকাটা অনেক সুন্দর, পরিবেশ মন ভাল করে দেওয়ার মত। কমলা বাগানে এসে খুব ভালো লেগেছে।
বিজয়নগরের এই সাফল্য নিয়ে কথা হয় ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-উপ-পরিচালক ড. মোস্তুফা এমরান হোসেন বলেন, বিজয়নগরের লালমাটি ও এখানকার আবহাওয়া সাইট্রাস জাতীয় ফল যেমন—মাল্টা ও কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা শুরু থেকেই কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, প্রুনিং (ডাল ছাঁটাই) এবং জৈব বালাইনাশক ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে আসছি। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এভাবে চাষ সম্প্রসারিত হতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে বিজয়নগর দেশের অন্যতম প্রধান কমলা উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পাবে।

পাহাড় আর সমতলের মেলবন্ধনে বিজয়নগরের এই কমলা বিপ্লব কেবল কৃষকদের ভাগ্যই বদলে দেয়নি, বরং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও কৃষি পর্যটনের এক অপার সম্ভাবনা তৈরি করেছে। সঠিক পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা গেলে বিজয়নগরের এই সোনালি কমলা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.