বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট। মোট ভোটার ১৫৬ জন, যাদের মধ্যে ৯৮ জন সরাসরি ও ৫৮ জন ই-ব্যালটে ভোট দিয়ে বিসিবির ২৩ জন পরিচালককে নির্বাচিত করবেন। এর বাইরে দুজনকে সরাসরি পরিচালক মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে ২৫ জন পরিচালক ভোট দিয়ে বিসিবির সভাপতি নির্বাচন করবেন।
বিসিবি পরিচালনা পর্ষদে মোট পরিচালকের সংখ্যা ২৫। ক্যাটাগরি-১-এ সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন। এই ক্যাটাগরিতে মোট ভোটার ৭১ জন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি-২ থেকে ঢাকা মহানগরের ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্য থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩-এ সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও কয়েকটি সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত হন।
ক্যাটাগরি-২-এ ভোট দেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে খেলা ক্লাবগুলোর প্রতিনিধিরা। এই ক্লাবগুলোর ভোটে বিসিবির মোট ১২ জন পরিচালক নির্বাচিত হন। এখানে মোট ভোটার ৭৬ জন। ক্যাটাগরি-৩-এ ৪৫ জন ভোটারের ভোটে নির্বাচিত হন একজন পরিচালক। ক্যাটাগরি-১-এ ভোট হবে শুধু ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা থেকে আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত সামস্ ও বরিশাল থেকে শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় ঢাকা বিভাগ থেকে বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন কার্যত নির্বাচিত হয়ে গেছেন।