বাংলাদেশের টেলিভিশন নাটক ও ধারাবাহিকের দর্শক শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়ছে সীমান্তের ওপারেও। তারই নতুন উদাহরণ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’। প্রচারের শুরু থেকেই দর্শকদের আগ্রহ তৈরি করা এই ধারাবাহিক এবার কলকাতার দর্শকদেরও প্রশংসা কুড়াচ্ছে। এমনকি একজন দর্শক সরাসরি মন্তব্য করেছেন, ভারতীয় সিরিয়ালের চেয়ে বাংলাদেশের নাটক ও ধারাবাহিক দেখতে তার বেশি ভালো লাগে।
ইউটিউবে ধারাবাহিকটির পর্বের মন্তব্যের ঘরে কলকাতা থেকে এক দর্শক লিখেছেন, ‘আমি কলকাতা থেকে নাটকটা দেখি। ইন্ডিয়ান সিরিয়ালের চেয়ে বাংলাদেশের নাটক ও সিরিয়ালগুলো দেখতে অনেক ভালো লাগে। এখানে শেখার অনেক কিছু আছে। কিন্তু ইন্ডিয়ান সিরিয়ালগুলোতে কীভাবে পরিবার, সংসারের মধ্যে অশান্তি তৈরি করা যায়, সেগুলো শেখানো হয়, যা বাস্তবসম্মত নয়।
শুধু ওই দর্শকই নন, ভারতের আরও অনেকে ধারাবাহিকটির গল্প ও অভিনয়ের প্রশংসা করছেন। মানসী রায় নামে আরেক দর্শক লিখেছেন, ‘বাংলাদেশে এখন দারুণ সব কাজ হচ্ছে। ফিরে আসার গল্প যতই দেখছি, মুগ্ধ হচ্ছি। পরের পর্বগুলোর জন্য অপেক্ষা করছি।’
গত কয়েক সপ্তাহে ধারাবাহিকটির গল্প, চরিত্র ও নাটকীয় ঘটনাপ্রবাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনা হচ্ছে। দর্শকদের একাংশ সপ্তাহে দুই পর্বের পরিবর্তে তিন পর্ব প্রচারের দাবিও জানিয়েছেন। বিশেষ করে নুরজাহানের জীবনে সিকান্দার নাকি আদিল কার প্রভাব বেশি পড়বে, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।
ধারাবাহিকটির নবম পর্ব প্রকাশের পর দর্শকদের আগ্রহের চিত্র আরও স্পষ্ট হয়েছে। প্রকাশের মাত্র ছয় ঘণ্টায় পর্বটি ২৫ লাখের বেশি ভিউ পেয়েছে। একই সময়ে মন্তব্য জমা পড়েছে তিন হাজারের বেশি।
‘ফিরে আসার গল্প’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, মনিরা আক্তার মিঠু, ফায়জুল ইয়ামিন ও দীপা খন্দকার। ধারাবাহিকটিতে আদিল চরিত্রে খায়রুল বাসার, নুরজাহান চরিত্রে তটিনী, ওসমান চরিত্রে জাহিদ হাসান এবং সুলতান চরিত্রে শহীদুজ্জামান সেলিম অভিনয় করছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় ১৩ বছর পর একই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম।
প্রতি শনি ও রবিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। পাশাপাশি প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুরে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হচ্ছে নতুন পর্ব।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.