প্রযুক্তির ব্যবহারে শিক্ষার্থীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে।
বুধবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রাপ্ত মোট ১৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব বলেন তিনি।
এসময় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আওতায় ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে মোট ১৫৫ জন শিক্ষার্থীকে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি দেওয়া হয়।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, তোমরা যে সম্মাননা পেয়েছ তা শুধু ক্রেস্ট বা আর্থিক প্রণোদনা নয়-এটা তোমাদের কষ্ট ও অর্জনের বড় স্বীকৃতি। এই সম্মান তোমাদের আরও বেশি চেষ্টা করার জন্য উৎসাহ জোগাবে। প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে। বিশেষ করে যারা এসএসসি পাস করে এইচএসসিতে এসেছ এটা তোমাদের স্বর্ণযুগ। এই দেড়-দুই বছর ভালো করে পড়লে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবে।
ডিএমপি কমিশনার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের অব্যাহত সাফল্য ও নিরলস পরিশ্রমের আহ্বান জানান। শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, অভিভাবকগণ এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬২ জন, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৫৯ জন, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২০ জন এবং ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ জনসহ মোট ১৫৫ জন শিক্ষার্থী বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.