ঢাকার চকবাজারের নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগার দেশের অন্যতম প্রাচীন একটি ঐতিহাসিক স্থাপনা। ব্রিটিশ আমলে ১৭৮৮ সালে এটি কারাগারে রূপান্তরিত হয়। দীর্ঘ সময় এটি দেশের বৃহত্তম কেন্দ্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০১৬ সালে কারাগারটির কার্যক্রম কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত হয়। বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাটিকে একটি পার্ক, বিনোদনকেন্দ্র ও ঐতিহাসিক জাদুঘরে রূপান্তরের কাজ চলছে।
ঘিঞ্জি রাস্তা, যানজট আর যানবাহনের অবিরাম হর্নের চেনা কোলাহলের মধ্যেই নাজিমউদ্দিন রোডে চোখে পড়ে লাল রঙের বিশাল এক স্থাপনা। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘লাল দালান’ নামে। সাধারণ মানুষের মুখে ‘লাল দালান’ বলতে মূলত কারাগার বা জেলখানাকেই বোঝানো হয়। ব্রিটিশ আমলে লাল ইটের তৈরি কারাগার ও প্রশাসনিক ভবনের প্রচলন থেকে এ নামের পরিচিতি তৈরি হয়েছে। একসময় যে স্থাপনার ভেতরে বন্দিদের দিন কাটতো, সেই জায়গায়ই এখন গড়ে উঠছে বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র।

চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ:
নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের সীমানাপ্রাচীরের পুরোনো অংশ সংস্কার করে নতুন করে লাল রঙ করা হচ্ছে। ভেতরেও চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। ২০১৬ সালের জুলাই মাসে কারাগারের কার্যক্রম দক্ষিণ কেরানীগঞ্জে স্থানান্তরের পর অব্যবহৃত পড়ে থাকা প্রায় ৩৮ একর জায়গাজুড়ে নেওয়া হয়েছে সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ। এরই মধ্যে প্রকল্পের একটি অংশের পরিবর্তন দৃশ্যমান হয়েছে। তবে পুরো প্রাঙ্গণ এখনো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি।
সরেজমিনে দেখা যায়, কারাগারের দক্ষিণ অংশে জোন-বি’তে নির্মাণ করা হয়েছে চক কমপ্লেক্স নামের দোতলা ভবন। ভবনের ভেতরে এখনো কিছু কাজ করছেন শ্রমিকরা। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, এখানে বইয়ের দোকান ও ফুডকোর্ট থাকার কথা। পাশে তৈরি করা হয়েছে শিশুদের খেলার জায়গা। সেখানে শিশুদের খেলাধুলার জন্য বসানো হয়েছে ১৭টির বেশি সরঞ্জাম।
‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই সংস্কার কাজ চলছে। প্রাথমিক পরিকল্পনায় কারাগারের প্রায় ৩৮ একর জায়গার মধ্যে বড় একটি অংশে সাংস্কৃতিক কেন্দ্র, জাদুঘর, পার্ক ও নাগরিক সুবিধা গড়ে তোলার কথা রয়েছে। প্রকল্পের নকশায় মোট জায়গার প্রায় অর্ধেক উন্মুক্ত রাখার পরিকল্পনাও করা হয়েছিল।

এরমধ্যে দেখা যায়, স্লাইড (ওপর থেকে নিচে নামার ঢালু মসৃণ তল), দোলনা (ঝুলন্ত খেলনা), মেরি-গো-রাউন্ড (গোল ঘুরন্ত খেলনা), স্প্রিং রাইডার (স্প্রিংয়ের ওপর দুলুনি খেলনা), সী-স (দুই পাশে ওঠানামার খেলনা), মাঙ্কি বারস (ঝুলন্ত মই), কার্গো নেট ক্লাইম্বার (দড়ির জাল বেয়ে ওঠার খেলনা), ক্লাইম্বিং স্ট্রাকচার (আরোহণের কাঠামো), ট্রাম্পোলাইন (লাফানোর খেলনা), ব্যালেন্সিং লগ (ভারসাম্য রেখে হাঁটার খেলনা)।
এছাড়া বসানো হয়েছে, টুইস্টার (কোমর ঘোরানোর ব্যায়ামের সরঞ্জাম), ব্যালেন্সিং পড (ভারসাম্য রক্ষার সরঞ্জাম), প্যারালাল বার (সমান্তরাল ব্যায়ামের বার), লো বার (নিচু অনুভূমিক বার), ক্লাইম্বিং নেট (দড়ির জাল বেয়ে ওঠার সরঞ্জাম), ক্লাইম্বিং ল্যাডার (ওঠানামার মই), স্টেপ ক্লাইম্বার (ধাপে ধাপে ওঠার সরঞ্জাম)।
এই অংশে নতুন করে নির্মাণ করা হয়েছে একটি মসজিদ। নাম দেওয়া হয়েছে ‘কারা মসজিদ’। রয়েছে বড় পুকুর। পুকুরের চারপাশে তৈরি করা হয়েছে হাঁটার পথ ও সেতু। সংস্কার করা হয়েছে পুকুরের তিনটি ঘাটও।
অস্থায়ী দোকান ও যানবাহনের স্ট্যান্ডে জায়গা দখল:
পুরোনো কেন্দ্রীয় কারাগারের চারপাশ পরিপাটি করে সাজানো হলেও এই সৌন্দর্যের পাশেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। শিশুদের খেলার জায়গার সামনের সড়ক ঘেঁষে সারি সারি অস্থায়ী টং দোকান বসেছে। রয়েছে লেগুনার স্ট্যান্ড। পুকুরপাড়েও ভ্যান নিয়ে বাদাম, চা, পান-সিগারেট বিক্রি করছেন কয়েকজন।
যে জায়গাকে ঘিরে পুরান ঢাকার মানুষের জন্য একটি উন্মুক্ত ও পরিচ্ছন্ন বিনোদনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা, সেখানে এরই মধ্যে অস্থায়ী দোকান ও যানবাহনের স্ট্যান্ড বসতে শুরু করেছে। ভবিষ্যতে জায়গাটি সবার ব্যবহারের উপযোগী রাখা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এমনই একজন বিক্রেতা তৌফিক হাসান বলেন, পার্কে কিছু মানুষ বিশ্রাম নিতে বসেন। তখন তিনি সেখানে পণ্য বিক্রি করেন। কেউ বাধা দেন না। গত তিন মাসে এ ধরনের কাজে কেউ আপত্তি করেননি বলেও জানান তিনি।
পুরোনো কেন্দ্রীয় কারাগারের সীমানাপ্রাচীরের পুরোনো অংশ সংস্কার করে নতুন করে লাল রঙ করা হচ্ছে। ভেতরেও চলছে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ। ২০১৬ সালের জুলাই মাসে কারাগারের কার্যক্রম দক্ষিণ কেরানীগঞ্জে স্থানান্তরের পর অব্যবহৃত পড়ে থাকা প্রায় ৩৮ একর জায়গাজুড়ে নেওয়া হয়েছে সংরক্ষণ ও উন্নয়নের উদ্যোগ।

পুকুরপাড়ে গাছের ছায়ায় বসে ছিলেন ব্যবসায়ী নজরুল ইসলাম। নামাজ শেষে কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছিলেন তিনি। চকবাজারে কেনাকাটা করতে এসে আশপাশের তুলনায় জায়গাটি বেশ ফাঁকা ও পরিচ্ছন্ন মনে হয়েছে তার। চারপাশের সাজানো পরিবেশও ভালো লেগেছে। তবে পুরান ঢাকায় এই পরিবেশ দীর্ঘদিন ধরে রাখা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে তার। তার আশঙ্কা, ‘একসময় জায়গাটি দখল হয়ে যেতে পারে।
থাকছে মাল্টিপারপাস কমপ্লেক্স, কনভেনশন হল, সুইমিংপুল:
পুরোনো কারাগারের উত্তর অংশে রয়েছে জোন-এ। প্রকল্পসংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, সেখানে মাল্টিপারপাস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে কনভেনশন হল, সুইমিংপুল, সিনেপ্লেক্স ও চার শতাধিক গাড়ি রাখার পার্কিং সুবিধা যুক্ত হওয়ার কথা। এ অংশে নির্মাণকাজ চলছে।
অন্যদিকে মাঝের অংশ জোন-সি ঘিরে রয়েছে ঐতিহাসিক গুরুত্বের বড় পরিকল্পনা। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কারাকক্ষ এবং জাতীয় চার নেতার স্মৃতিধন্য স্থান সংরক্ষণ করে জাদুঘর গড়ে তোলার কথা। পুরোনো কারাগারের ঐতিহাসিক স্থাপনাগুলোও সংরক্ষণ করা হবে। পাশাপাশি থাকবে কারা উদ্যান, লেক, গ্রন্থাগার ও হাঁটাচলার পথ। তবে প্রকল্পের পরিবর্তিত পরিস্থিতিতে এই অংশের সর্বশেষ অগ্রগতি সরেজমিনে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
প্রকল্পের মেয়াদ বাড়ানোর আলোচনা:
প্রকল্পের বর্তমান অগ্রগতি, কাজের সময়সীমা এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তার দপ্তর থেকে জানানো হয়, তিনি জরুরি সমন্বয় সভায় বাইরে রয়েছেন। পরবর্তীসময়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ এবং পরিচয় ও প্রশ্ন জানিয়ে খুদে বার্তা পাঠানো হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
দপ্তর সূত্রে জানা যায়, চলতি মাসেই (ডিসেম্বর) প্রকল্প মেয়াদ শেষ হবে। পরবর্তী মেয়াদ বাড়ানো ও প্রকল্প পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের জন্যই প্রকল্প পরিচালক সভায় আছেন।
দপ্তর সূত্রে জানা গেছে, চলতি ডিসেম্বরেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়ানো এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রকল্প পরিচালক সভায় অংশ নিয়েছেন।
এদিকে কারাগার ঘিরে এত বড় উন্নয়নকাজ চললেও স্থানীয়দের অনেকেই জানেন না, সেখানে ঠিক কী কী স্থাপনা তৈরি হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী মানিক হোসেন বলেন, বিশাল জায়গাজুড়ে বিভিন্ন স্থাপনা তৈরির কাজ দেখছেন তিনি। তবে কী কী নির্মাণ হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না। এখানে বড় পরিসরে একটি শিশু পার্ক করা হলে ভালো হতো বলে মনে করেন তিনি। পরিকল্পনায় শিশুদের খেলার জায়গা রয়েছে জানানো হলে তার মত, শিশুদের জন্য আরও বড় পরিসরে পার্কের ব্যবস্থা করা দরকার ছিল।

প্রায় ২২৮ বছরের পুরোনো এই কারাগারের ইতিহাসও কম সমৃদ্ধ নয়। ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী, মোগল আমলে নির্মিত একটি দুর্গকে পরবর্তী সময়ে কারাগারে রূপ দেওয়া হয়। ১৭৮৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সেখানে অপরাধীদের রাখার জন্য ক্রিমিনাল ওয়ার্ড নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে এই কারাগারে বন্দি ছিলেন অনেক রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। শেখ মুজিবুর রহমানের কারাজীবনের স্মৃতিবিজড়িত এই কারাগারে বন্দি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়াও।
এছাড়া ১৯৭৫ সালের ৩ নভেম্বর এই কারাগারেই হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে। ফলে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে পুরোনো কেন্দ্রীয় কারাগারটি।
২০১৬ সালের জুলাইয়ে বন্দিদের দক্ষিণ কেরানীগঞ্জের নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর পুরোনো কারাগারটির ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ‘পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই কাজ চলছে। প্রাথমিক পরিকল্পনায় কারাগারের প্রায় ৩৮ একর জায়গার মধ্যে বড় একটি অংশে সাংস্কৃতিক কেন্দ্র, জাদুঘর, পার্ক ও নাগরিক সুবিধা গড়ে তোলার কথা রয়েছে। প্রকল্পের নকশায় মোট জায়গার প্রায় অর্ধেক উন্মুক্ত রাখার পরিকল্পনাও করা হয়েছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের কাজ এখনো চলমান। প্রকল্পের মেয়াদ বাড়ানোসহ পরবর্তী কার্যক্রম ও নতুন কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। ফলে কবে নাগাদ পুরো প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।
স্থানীয়রা বলছেন, একসময় যে ‘লাল দালান’ ছিল বন্দিজীবনের প্রতীক, সেই জায়গা এখন পুরান ঢাকার মানুষের জন্য ইতিহাস, সংস্কৃতি ও বিনোদনের নতুন ঠিকানা হওয়ার অপেক্ষায়। কিন্তু শুধু স্থাপনা নির্মাণ করলেই প্রকল্পের উদ্দেশ্য পূরণ হবে না। অস্থায়ী দোকান, যানবাহনের স্ট্যান্ড এবং ভবিষ্যতের দখলদারত্ব ঠেকিয়ে জায়গাটিকে পরিচ্ছন্ন ও সবার জন্য উন্মুক্ত রাখাও সমান গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত পুরান ঢাকার মানুষ কতটা এই জায়গার সুবিধা ভোগ করতে পারবেন, তা নির্ভর করবে নির্মাণকাজের পাশাপাশি এর সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর।

কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে এই স্থাপনা:
এদিকে কবে নাগাদ স্থাপনাটি সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে, তা জানতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরসহ কারা প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তারা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের কাজ এখনো চলমান। প্রকল্পের মেয়াদ বাড়ানোসহ পরবর্তী কার্যক্রম ও নতুন কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। ফলে কবে নাগাদ পুরো প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.