বিনোদন ডেস্ক :
ঈদে মুক্তি দেয়া হবে ভৌতিক সিনেমা জ্বীন-২। সিনেমাটি দেশে মুক্তি দেয়ার পাশাপাশি পাকিস্তানেও মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমরা চাইছি ঈদের দিনই সিনেমাটি পাকিস্তানে দেখাতে। ঈদের দিন না হলে ১৯ এপ্রিল থেকে চলবে। ইতিমধ্যে পাকিস্তানের ডিস্ট্রিবিউটরের সঙ্গে জাজের চুক্তিপত্র সম্পন্ন হয়েছে। বাংলাদেশে সিনেমাটি ‘মোনা: জ্বীন-২’ নামে মুক্তি পেলেও, পাকিস্তানে ‘জ্বীন-২’ নামে মুক্তি পাবে। পাকিস্তানে মুক্তি দেয়া প্রসঙ্গে আজিজ বলেন, আমরা এর আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সিনেমা মুক্তি দিয়েছি। বিপুল সাড়া পেয়েছি। বলা যায়, মুসলিম দেশে আমার সিনেমা ভালো চলে। পাকিস্তান মুসলিম দেশ, সে হিসেবে আমরা এবার সেখানে যাওয়ার চেষ্টা করছি। আব্দুল আজিজ জানান, চুক্তির আগে পাকিস্তানি ডিস্ট্রিবিউটরকে সিনেমাটি দেখাতে হয়েছে। তারা সিনেমা দেখে, অনেক প্রশংসা করেছেন। তাদের মতে, যেহেতু জিন-২ ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বানানো, তাই হয়তো পাকিস্তানের দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করতে পারে। সিনেমাটিতে উঠে এসেছে জামালপুরের একটি গ্রামের গল্প। সেখানে এক ব্যক্তির বাড়িতে অদৃশ্য কিছুর উৎপাত শুরু হয়। বাড়ির মালিক বাড়ি ছেড়ে দেন। পরবর্তীতে বাড়িটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভাড়া দেন। একসময় ছাত্র ও শিক্ষকরাও সে বাড়িটি ছেড়ে দেয়। সিনেমাটিতে উঠে এসেছে প্রতিশোধের গল্প। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, দীপা খন্দকার, সামিনা বাসার, সুপ্রভাতসহ অনেকে। সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.