রাজধানীর পল্লবীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় রমজান ওরফে বাপন (২১) নামে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের এক কর্মী দগ্ধ হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, রাতে মিরপুর-১১ থেকে এক যুবক দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। তার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে মঙ্গলবার (৩ নভেম্বর) পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৮ দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়িতে অফিসের সামনে এ ঘটনা ঘটে। অজ্ঞাত ব্যক্তিরা ককটেল দুটির বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কুরিয়ার সার্ভিসের সামনে প্রথম একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এর ঠিক কিছুক্ষণ পরে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে কাজ করা কর্মচারীর শরীরে আগুন ধরে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.