পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন প্রতিরোধ এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের পক্ষে সংস্থাটির চেয়ারম্যান, আইনজীবী ও মানবাধিকারকর্মী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া জনস্বার্থে সোমবার (২৬ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।রিট আবেদনে বলা হয়েছে, পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর প্রাকৃতিক গঠন, নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ ধরনের কর্মকাণ্ড পদ্মা সেতুসহ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হতে পারে।আবেদনে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে তাদের আইনগত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত, এর সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ সুরক্ষায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে।রিটে পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, নদীভাঙন প্রতিরোধ এবং নদীতীরবর্তী এলাকার স্থিতিশীলতা রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে নদীতীরবর্তী মানুষের জীবন-জীবিকা, কৃষিজমি, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পদ্মা সেতু ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে বৈজ্ঞানিক মূল্যায়ন, নিয়মিত পর্যবেক্ষণ এবং কার্যকর নজরদারি প্রয়োজন বলে আবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে।মওসুসের মতে, পদ্মা নদী বাংলাদেশের অর্থনীতি, কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই নদীর প্রাকৃতিক সম্পদ রক্ষা, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা পালন করা জরুরি।জনস্বার্থে দায়ের করা এ রিটের মাধ্যমে পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ এবং নদী ও পদ্মা সেতুর নিরাপত্তা রক্ষায় আইনসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি আদালতের বিবেচনায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.