স্পোর্টস ডেস্ক | নারীদের টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে সংগ্রহ বড় না হলেও বোলারদের দাপটে ১৬ রানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল। মেয়েদের টি-২০ বিশ্বকাপে চার টুর্নামেন্ট ও এক দশক পরে জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে ২০১৪ টি-২০ বিশ্বকাপে শেষবার ম্যাচ জিতেছিল সালমা খাতুনের দল।
উইকেট ভালো এবং ব্যাটিং সহজ হবে ভেবে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক। শুরুটা খারাপ না হলেও প্রত্যাশা মতো রান পায়নি প্রবাসে খেললেও আসরের স্বাগতিক বাংলাদেশ। সোবহানা মুস্তারি ও সাথী রানীর ব্যাটে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে।
ওপেনিং জুটিতে ২৬ রান যোগ করে মুর্শিদা ১২ রান করে ফিরে যান। অন্য ওপেনার সাথী ফেরেন ৩২ বলে তিন চারে ২৯ রান করে। দলের রান তখন ১১.৫ ওভারে ৬৮। সেখান থেকে দ্রুত উইকেট হারিয়ে ও বড় শট খেলতে না পারায় রান বড় হয়নি বাংলাদেশের।
তিনে নামা সোবহানা মুস্তারি ৩৮ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। দুটি চারের শট মারেন তিনি। এছাড়া টি-২০ ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামা নিগার সুলতানা ১৮ বলে ১৮ রান করেন। ফাহিমা ৫ বলে দুই চারে ১০ রান করেন।
জবাব দিতে নেমে ৭ উইকেটে ১০৩ রান করে আটকে যায় স্কটিশ মেয়েরা। দলটির ওপেনার ও উইকেটরক্ষক সারাহ ব্রাইচ এক প্রান্ত দিয়ে একাই লড়াই করে গেছেন। তিনি ৫২ বলে মাত্র একটি চারের শটে ৪৯ রান করে অপরাজিত থাকেন। তার বোন ও অধিনায়ক কেথরিন ব্রাইচ তিনে নেমে ১১ রান যোগ করেন। আলিসা লিস্টার খেলেন ১১ রানের ইনিংস।
ম্যাচ জিততে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের স্পিনার ঋতু মনি। তিনি ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া পেসার মারুফা আক্তার, স্পিনার নাহিদা, ফাহিমা ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন। স্কটল্যান্ডের সাসকিয়া হর্লি ২ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন।