নিজস্ব প্রতিবেদক | নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও কৃষিবিদ মোঃ আমিনুল ইসলাম বলেছেন,গত দুবছরে এ প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ নিয়ে গণমাধ্যমে যেসব খবর প্রচার হয়েছে,তাতে প্রতিষ্ঠানটির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন,প্রতিষ্ঠানটি চাইলে আগামী ৬ মাসের মধ্যে সব ব্যাংক ঋণ পরিশোধ করতে পারে।সেই পরিমান সম্পদ ও মূলধন গ্রুপের রয়েছে।
তিনি গতকাল শনিবার দুপুরে রাজশাহীর পবার বড়গাছি এলাকায় নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিয়াল পার্কে পার্টনার্স মিট ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন,দেশের খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণে এক যুগেরও বেশী সময় ধরে বিশেষ ভূমিকা রাখছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি গম,মসুর ডাল,মটর ডাল,সয়াবিন মিলসহ বেশ কয়েকটি পণ্যের সবচেয়ে বড় আমদানীকারক। চলতি বছরের প্রথম আট মাসে দেশের মোট গম আমদানির ২৪ দশমিক ৪৭ শতাংশ, মসুর ডালের ৪৯ দশমিক ৩৫ শতাংশ এবং মটর ডালের ৫৬ দশমিক ৮৩ শতাংশ হয়েছে এ গ্রুপের মাধ্যমেই।২০২৩-২৪ অর্থবছরে গ্রুপের আমদানিকৃত পণ্যের মোট মূল্য ছিল ১২১কোটি ডলার।
তিনি আরো বলেন,ভোগ্যপণ্য উৎপাদন বিশেষ করে চাল উৎপাদনে নাবিল গ্রুপ বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম প্রতিষ্ঠান।দৈনিক উৎপাদনের সক্ষমতা ১ হাজার ৩৬৪ টন।
গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও বলেন,দেশের ফুড বিজনেস,এগ্রি বিজনেস,ট্রেডিং সেক্টর এবং সার্ভিস সেক্টর নিয়ে কাজ করা নাবিল গ্রুপের ২০টি প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার লোকবল কর্মসংস্থান হয়েছে।অনুষ্ঠানে প্রশাসন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা,বিভিন্ন পেশাজীবি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত সহস্রাধিক পার্টনার ও ডিলার অংশ নেন।