নিজস্ব প্রতিবেদক : তড়িঘড়ি করে গোপনে পরিচালনা পর্ষদের বৈঠক ডেকেছে এনআরবিসি ব্যাংক। বিভিন্ন অনিয়ম আর ঋণ জালিয়াতিতে আলোচিত ব্যাংকটি সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৪ আগস্ট) দুপুর দেড়টায় ব্যাংকের গুলশান শাখার বোর্ড রুমে এ বৈঠক আহ্বান করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, বৈঠকে বর্তমান চেয়ারম্যান পারভেজ তমাল পদ থেকে সরে দাঁড়িয়ে তার পছন্দের কাউকে দায়িত্ব দিতে পারেন। ব্যাংকের বোর্ড সেক্রেটারি মোহাম্মদ আহসান হাবিব পরিচালনা পর্ষদের সদস্যদের ই-মেইল করে বৈঠকের তথ্য জানান।
বোর্ড সেক্রেটারি মোহাম্মদ আহসান হাবিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে পদত্যাগ করে আত্মগোপনে থাকা আব্দুর রউফ তালুকদারের আপন ভগ্নিপতি।
কোনো ব্যাংকের পর্ষদ সচিব (বোর্ড সেক্রেটারি) হতে ন্যূনতম কাজের যে অভিজ্ঞতা দরকার হয় আহসান হাবিবের বেলায় সে নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। আব্দুর রউফ তালুকদারের প্রভাবে ব্যাংকটির বোর্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ পান তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পরপরই অনেকের মতো এনআরবিসির চেয়ারম্যান পারভেজ তমাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান আদনান ইমাম ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়াঁ আর্জু আত্মগোপনে চলে যান। ব্যাংকটির ঋণ অনিয়ম, অর্থতছরুপ, নিয়োগ বাণিজ্য, আলাদা কোম্পানি খুলে ব্যাংকের ব্যবসা বাগিয়ে নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।