বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে। রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় আরও ৫ দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ নভেম্বর) দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন সাঈদ খোকন। আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে দাবি করা হয়।
তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আগের দুই দফায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় সাঈদ খোকন মামলার মূল বিষয় এড়িয়ে গেছেন। বিভিন্ন সময়ে ভিন্ন তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার এবং মামলার গতিপথ অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছেন। এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে চেনেন বলে জানালেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য দেননি বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে বলা হয়, সাঈদ খোকনের দেওয়া তথ্যের সত্যতা যাচাই এবং পলাতক আসামিদের অবস্থানসহ মামলার গুরুত্বপূর্ণ বিষয় জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
গত ১৭ নভেম্বর সাঈদ খোকনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে ২৪ নভেম্বর তাকে আবার আদালতে হাজির করা হয়। সেদিন দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই দফায় ১২ দিন জিজ্ঞাসাবাদ শেষে রোববার তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হলো।
গত ১৭ নভেম্বর সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালিব। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.