1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জান্নাতুল নাঈমের কবিতা : তোমাকে ভালোবেসে এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

তোমাকে ভালোবেসে
—————————————-
তোমাকে ভালোবেসে অন্য এক মানুষ হয়েছি
সহজ-সরল পথ ছেড়ে পাহাড়ি পথের মতো কঠিন পথে হেঁটেছি
কাঁদা মাটির মন ছেড়ে পাথুরে পথ হয়েছি
রোদ্দুর মেঠোপথ ছেড়ে আষাঢ়ের বৃষ্টি হয়েছি
কোমলতা রেখে কঠিনকে ভালোবেসেছি
তোমাকে ভালোবেসে যুদ্ধের সৈনিক হয়েছি।

তোমাকে ভালোবেসে অন্য এক মানুষ হয়েছি
যা কিছু মন্দ মুহূর্তে তা ছাড়তে শিখেছি
ভয়-ডর ছেড়ে প্রতিবাদের সমাবেশ করা শিখেছি
জ্বি, হ্যাঁ, পারবো বলা থেকে মুহূর্তেই না বলা শিখেছি
মানুষকে মুগ্ধ করার বদলে নিজেকে ভালোবেসেছি।

তুমি এক কঠিন অধ্যায়
তোমার অধ্যায়ে মনোনিবেশে আছি।

****

বিভাজন
—————————————-
স্মৃতি ফিরে আসে
হৃদয়ের মন পাখি ডানা ঝাপটায়
পাখি, ফুল, গাছের কাছে ফিরে আসি
মানুষজন সব অভিনেতা-অভিনেত্রী লাগে
কেমন ভদ্রতার মুখোশ পরে থাকে
নানা শান্তির নীতি ছড়িয়ে ভালো সাজে
তারাই গোপনে দেওয়ালে দেওয়ালে বিভাজনের নীতি লেখে।

কান্না ফিরে আসে
কেমন করে বর্ষার বাদলের মতো ঝরঝর ঝরে
বেদনারা মেঘের মতো উড়ে যেতে যায়
তবুও ছবি আঁকা সব স্মৃতি ফিরে আসে
বিভাজনের লেখা মানুষ অট্টহাসিতে ফেটে পড়ে
বালিকা সব গুটিয়ে বৃক্ষ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকে।

****

চুপ যাও
—————————————-
আমি বলতে চাই এখনই চুপ যাও
এসবের কোনো মানে নেই
আমাকে যে ভালোবাসো না আমি জানি
তোমাদের প্রত্যেকের শিরা-উপশিরা চিনি
তোমরা স্নেহের আবডালে আঘাত দিয়ে
উল্লাসে মাতো, তা-ও আমি জানি
তোমাদের মজ্জার ভেতরে আঘাতের নেশা ঘিরে থাকে
তোমাদের হাসির চপলতার ভেতর দুঃখ থাকে
আমাকে বোঝাতে এসো না বরং এখনই চুপ যাও।

আমি বলতে চাই এখনই চুপ যাও
এসবের কোনো মানে নেই
আমাকে ঘিরে যে গোপনে বৈঠক বসাও আমি জানি
আমাকে নিয়ে উপাখ্যান ছেড়ে দাও
তোমরা যে উপেক্ষা করে নিশ্চিত আরামে ঘুমাও তা-ও আমি জানি
তোমরা লোকের ঠান্ডা বুকে আগুন ঝরাও
তোমরা স্থিরতায় অস্থিরতা ছড়িয়ে লেলিহান শিখা ছড়াও
আমাকে কিছুই জানাতে এসো না বরং এখনই চুপ যাও।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর