চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মাইজভান্ডার আমতলী এলাকার বাইস্যে পুলে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের ছয় আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। আহত অপর পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত জিসান ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী শিকদার বাড়ির বাসিন্দা।
জিসানের পরিবারের সদস্য ওসমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনায় আহত অন্যরা উপজেলার চাড়ালিয়া হাট, হরিণখালী নবপাড়া ও গোপালঘাটা এলাকার বাসিন্দা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.