নিজস্ব প্রতিবেদক : গরম কমলে আরো বড় আকারে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই আন্দোলন আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আন্দোলন নয়। এ আন্দোলন হবে জিনিসপত্রের দাম কমানোর, ঋণের বোঝা কমানোর।
শুক্রবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিদ্যুৎ-জ্বালানি ও রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে প্রতিকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা সরকারের সাথে কোনো আপস নেই। এ সরকারকে মানি না এবং মানবোও না। এ সরকার যা-ই করুক তাদেরকে মানার কোনো প্রশ্নই আসে না। দেশের মানুষের জন্য আমাদেরকে লড়াই করতে হবে।
মান্না আরও বলেন, আওয়ামী লীগ সারাদেশের জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে। আগামী তিনমাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করার টাকা পর্যন্ত এসরকারের কাছে নেই। আমাদের রপ্তানি ভাড়ানোর আর কোনো সুযোগ নেই। কেবলমাত্র বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলে এদেশ বাঁচতে পারে, নাহলে এদেশ বাঁচতে পারবে না।
বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়ের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপি'র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি'র যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জেব হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ,বিএনপি নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক,কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.