সুনামগঞ্জের মধ্যনগরে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার আমজোড়া গ্রামের কাছের জনতা বাজারে এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৭ জন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ আদালতে মামলা মোকদ্দমা চলছে। এনিয়ে বিভিন্ন সময় উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
শনিবার দুপুরে আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও জলুসা গ্রামের নূরে আলম জিকু লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের হাওরে গেলে উভয় পক্ষের মধ্যে শুরুতে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জনতা বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। এতে টেঁটাবিদ্ধ হন ৭ জন। এছাড়া উভয় পক্ষের ২৫ জন আহত হন।
আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা বলেন, দুই পক্ষের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবত চলমান আছে। এ ঘটনায় আগেও তারা বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হন। জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। দুর্গম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.