নিজস্ব প্রতিবেদক | শেখ হাসিনার নির্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রাষ্ট্রীয়ভাবে আদালতের মাধ্যমে অত্যাচার ও নিপীড়ন করা হয়েছে মন্তব্য করে কান্নায় ভেঙে পড়েন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
আদালতে তিনি জোড় দিয়ে বলেন, তখন এটা রাষ্ট্রীয় নিপীড়ন ছিল। শেখ হাসিনার নির্দেশে আদালতের মাধ্যমে বেগম খালেদার ওপরে এরকম রাষ্ট্রীয় অত্যাচার ও নিপীড়নটা চলতো।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার করা আপিল শুনানি অনুষ্ঠিত হয়। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ঠিক করেন। শুনানিতে বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার-নিপীড়নের বর্ণনা দিতে গিয়ে অশ্রুসিক্ত হন ব্যারিস্টার কায়সার কামাল।
এসময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও আপিল বেঞ্চের বিচারপতিরা রায়ে উল্লিখিত খালেদা জিয়ার সেই বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এসময় আদালত কক্ষে উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়। তখন এজলাস (কোর্ট রুম) কক্ষে সুনসান নীরবতা বিরাজ করছিল।