যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির পেটে তীব্র ব্যথাসহ শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। রোগের উৎস খুঁজতে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে অবাক বনে যান চিকিৎসকরা। পেটের ভেতর নানা বস্তুর সন্ধান পান তারা। পরে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করা হয়।
এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি হাসমত আলীর (৪৪) ক্ষেত্রে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। তিনি একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি রয়েছেন।
কারাগার সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হাসমতের পেটে ব্যথা শুরু হয়। পরে তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর সেখানে তার পেটে অস্ত্রোপচার করে চিকিৎসকরা অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেন।
এ বিষয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন জানান, হাসমত দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দি অবস্থায় তিনি মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) দায়িত্ব দেয়।
সিনিয়র জেল সুপার আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় ময়লা-আবর্জনা থেকে গ্যাস লাইটারসহ অন্যান্য বস্তু সংগ্রহ করে সেগুলো খেয়ে ফেলতেন ওই কয়েদি। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.