২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।
গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২০ জুলাই। প্রস্তুতির ঘাটতির কারণে তা হয়নি। অবশেষে ১০ আগস্ট পাওয়া যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।
২৭ জুলাই বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল ১০ আগস্ট (আজ) সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল, চলে ২০ মে পর্যন্ত। এরপর ছিল ব্যবহারিক পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট : educationboardresults.gov.bd-এ প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিন। Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করুন। এরপর নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখুন।
শেষে সিকিউরিটি ক্যাপচা (যেমন ৩+৫ = ৮) পূরণ করে Submit বাটনে ক্লিক করুন। এছাড়া এসএসসির ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানোর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।