এশিয়ার মঞ্চে একজন অ্যাথলেটের বড় স্বপ্ন পদক জয়। কিন্তু অ্যাথলেটিকসের মতো ডিসিপ্লিনে বাংলাদেশের কারো জন্য সেই স্বপ্ন দেখা এখনো কঠিন, তার ওপর ইভেন্ট যদি হয় ১০০ মিটার স্প্রিন্ট।
সেই কঠিন পথেই আরেক ধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার বিকেলে এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে ট্র্যাকে নামবেন তিনি। লক্ষ্য; ফাইনালে জায়গা করে নেওয়া।
ফাইনালে উঠতে পারলে ইমরানুরের সামনে খুলে যাবে পদকের মঞ্চে লড়াই করার সুযোগ। এশিয়ান গেমসের মতো বড় আসরে ১০০ মিটারের ফাইনালে ওঠাই বাংলাদেশের অ্যাথলেটের জন্য হতে পারে বিশেষ অর্জন। আর সেই অর্জনের পরই পদকের স্বপ্ন দেখার সুযোগ মিলবে। তাই আজকের কয়েক সেকেন্ডের দৌড়ই ইমরানুরের জন্য হয়ে উঠতে পারে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত।
নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৯ মিনিটে তৃতীয় সেমিফাইনাল হিটে দৌড়াবেন ইমরানুর। ২ নম্বর লেনে থাকবেন বাংলাদেশের এই স্প্রিন্টার। সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বীরা প্রথম রাউন্ডের চেয়ে আরও শক্তিশালী। তাই ফাইনালের টিকিট নিশ্চিত করতে নিজের সেরাটা দিতে হবে বাংলাদেশের দ্রুততম মানবকে।
বৃহস্পতিবার প্রথম রাউন্ডে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হিটে চতুর্থ হয়েছিলেন ইমরানুর। হিট থেকে সরাসরি সেমিফাইনালে উঠতে পারেননি। তবে ছয় হিট মিলিয়ে দ্রুততম ছয়জনের একজন হিসেবে পান সেমিফাইনালের টিকিট। প্রথম তিনজন করে ১৮ জন সরাসরি সেমিফাইনালে ওঠার পর বাকি ছয়জনকে নেওয়া হয় সেরা টাইমিংয়ের ভিত্তিতে। সেই ছয়জনের একজন ছিলেন ইমরানুর।
এখন তার সামনে আরও বড় চ্যালেঞ্জ-এশিয়ান গেমসের ১০০ মিটারের ফাইনালে ওঠা। স্বপ্ন ছুঁতে পারবেন কি ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট?