1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

একবারেই বাস্তবায়ন হবে নবম পে স্কেল, তবে কমতে পারে বেতনের হার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো দুই ধাপে নয়, বরং ২০২৭-২৮ অর্থবছর থেকে একবারে বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। মূলত, অনলাইনে বেতন নির্ধারণী বা আইবাস সিস্টেমে সমন্বয় করার জটিলতা এড়াতেই এই চিন্তাভাবনা করা হচ্ছে। তবে একবারে বাস্তবায়ন করা হলেও পে কমিশনের মূল সুপারিশের চেয়ে বেতনের হার কিছুটা কমানো হতে পারে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের চিন্তা করছিল সরকার। দুই ধাপে বাস্তবায়ন হলে আইবাস সিস্টেমে জটিলতা তৈরি হবে। এ ছাড়া দুই ধাপে এ কাজ বাস্তবায়ন করতে গেলে টাকা খরচ হবে বেশি। চাকরিজীবীর মধ্যে অসন্তোষ বাড়তে পারে।

জানা যায়, বর্তমানে অষ্টম বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন আট হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। নবম বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ থেকে ৯ম গ্রেড পর্যন্ত বেতন বাড়তে পারে ৬০-৭০ শতাংশ, আর ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত ৯০-১০০ শতাংশ। আজকের বৈঠকে কমিশনের বিভিন্ন প্রস্তাবের আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি, পর্যায়ক্রমিক বেতন সমন্বয় এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে কোন কোন প্রস্তাব সরকার গ্রহণ করবে, কোথায় সংশোধন আনবে এবং বাস্তবায়নের রোডম্যাপ কী হবে- এসব বিষয়ে অগ্রগতি হতে পারে। বিশেষ করে বেতন বাড়ার হার কত হবে এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা হতে পারে। তবে এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। ১ জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে। তবে ভাতা কার্যকর হবে ২০২৭-২৮ অর্থবছর থেকে।

সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী জানিয়েছেন, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল দুই ধাপে বাস্তবায়ন করা হলে ‘আইবাস’ সিস্টেমে তা সমন্বয় করা বেশ জটিল হয়ে পড়বে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা দেওয়ার পরও তাদের পুরোপুরি সন্তুষ্ট করা যাবে না। এ জন্য প্রথম বছরে বেতন এবং পরের বছরে ভাতা সুবিধা বাস্তবায়ন করা উচিত। তিনি বলেন, নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পাঁচ বছর পর বেতন বাড়ানো হয়। তবে ১১ বছর পরও সেই বেতন বাড়ানো হয়নি। এ জন্য সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বেতন বাড়ার হার নির্ধারণ করতে হবে।

বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক।

কমিটির মূল দায়িত্ব হলো- জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দাখিল করা প্রতিবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রমের জন্য সুপারিশ করা। কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার পর প্রধানমন্ত্রী পে স্কেল চূড়ান্ত করবেন।

কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবারের বৈঠকটি হবে চলমান পর্যালোচনা প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। কমিশনের সুপারিশগুলোর মধ্যে যেসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন, সেগুলোতে ঐকমত্য তৈরির চেষ্টা করা হবে। একই সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা, রাজস্ব আহরণ, মুদ্রাস্ফীতি এবং দীর্ঘমেয়াদি ব্যয়ভার বিবেচনায় রেখে বাস্তবসম্মত একটি কাঠামো চূড়ান্ত করার দিকেও গুরুত্ব দেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর