দুনিয়ায় সব মানুষের অবস্থান সমান নয়। পরিবার, কর্মক্ষেত্র কিংবা প্রতিষ্ঠানে কেউ দায়িত্ব পালন করেন, আবার কেউ তার অধীনে কাজ করেন। এই সম্পর্কের ক্ষেত্রে অধীনস্থদের প্রতি ন্যায়বিচার, সহানুভূতি ও সদাচরণ বজায় রাখা ইমানের দাবি। কারণ, কারও ওপর কর্তৃত্ব থাকলেই তার অধিকার খর্ব করার সুযোগ তৈরি হয় না। বরং অধীনস্থদের অধিকার রক্ষায় আরও বেশি সচেতন হতে হয়।
কোরআনের আলোকে অধীনস্থদের সাথে ভালো আচরণ:
আল্লাহ তাআলা মানুষের সাথে সদাচরণের নির্দেশ দিতে গিয়ে বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক কোরো না। আর পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো, আত্মীয়স্বজন, এতিম, মিসকিন, নিকট প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সঙ্গী, পথিক এবং তোমাদের অধিকারভুক্তদের সাথেও সদ্ব্যবহার করো।’ (সুরা নিসা: ৩৬)
এ আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণির মানুষের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে নিজের অধীনে থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত। তৎকালীন সমাজব্যবস্থায় যেহেতু দাস-দাসী ছিল, আয়াতে যদিও তাদের উদ্দেশ্য করা হয়েছে, তবে আয়াতটি ব্যাপকার্থে সব ধরনের অধীনস্থদের ক্ষেত্রেই প্রযোজ্য।
হাদিসের আলোকে অধীনস্থদের সাথে ভালো আচরণ:
আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (সহিহ বুখারি: ২৪০৯) এ হাদিসে দায়িত্ব ও জবাবদিহির বিষয়টি স্পষ্ট করা হয়েছে। যার ওপর যতটুকু দায়িত্ব অর্পিত হয়েছে, সে সম্পর্কে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
অধীনস্থদের প্রতি সদাচরণের গুরুত্ব বোঝাতে আল্লাহর রাসুল (সা.) আরও বলেছেন, ‘তারা তোমাদের ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীনে দিয়েছেন। সুতরাং যার ভাই তার অধীনে রয়েছে, সে যেন তাকে তা-ই খাওয়ায়, যা সে নিজে খায় এবং তা-ই পরায়, যা সে নিজে পরে। আর তার ওপর এমন কাজের বোঝা চাপিয়ে দিয়ো না, যা সে বহন করতে পারে না। যদি এমন কাজের দায়িত্ব দাও, তবে তাকে সহযোগিতা করো।’ (সহিহ বুখারি: ৩০)
অধীনস্থদের ওপর অতিরিক্ত কাজের চাপ না দেওয়া এবং প্রয়োজনের সময় সহযোগিতা করার বিষয়টি এ হাদিসে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। একইভাবে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কারও গৃহকর্মী (খাদেম) খাবার তৈরি করে তোমার কাছে নিয়ে এলে, তাকে নিজের সঙ্গে বসিয়ে খাওয়াও। কারণ, খাবার তৈরি করতে গিয়ে সে তাপ ও ধোঁয়ার কষ্ট সহ্য করেছে। আর খাবার কম থাকলে অন্তত এক-দুই লোকমা তার হাতে তুলে দাও।’ (সুনানে আবু দাউদ: ৩৮৪৬)
অধীনস্থদের ভুলত্রুটি ক্ষমা করার ব্যাপারেও আল্লাহর রাসুল (সা.) নির্দেশনা দিয়েছেন। এক ব্যক্তি তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল, গৃহকর্মীকে কতবার ক্ষমা করব?’ তিনি নীরব থাকলেন। লোকটি আবার একই প্রশ্ন করলেন। এবারও তিনি নীরব রইলেন। তৃতীয়বার প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘প্রতিদিন তাকে সত্তরবার ক্ষমা করবে।’ (সুনানে আবু দাউদ: ৫১৬৪)
এ নির্দেশনার মাধ্যমে আল্লাহর রাসুল (সা.) অধীনস্থদের ভুলত্রুটির ক্ষেত্রে বারবার ক্ষমা করার মানসিকতা গড়ে তোলার শিক্ষা দিয়েছেন।
কর্তৃত্বের সঠিক ব্যবহার করাও অধীনস্থদের অধিকার:
অধীনস্থদের সাথে ভালো আচরণের মূল ভিত্তি হলো তাদের মানবিক মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা। পদ ও দায়িত্বের পার্থক্য কাউকে অপমান বা অবহেলা করার অধিকার দেয় না। তাদের কথা শোনা, মতামতকে গুরুত্ব দেওয়া এবং ব্যক্তিগত সম্মানের প্রতি খেয়াল রাখা দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য।
দায়িত্ব বণ্টনের সময় অধীনস্থদের সামর্থ্য ও সক্ষমতা বিবেচনা করতে হবে। কারও ওপর তার সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়া যাবে না। কাজের চাপ বেশি হলে সহযোগিতা করতে হবে এবং বিশ্রামের প্রয়োজনকেও গুরুত্ব দিতে হবে। একইভাবে, দায়িত্ব পালনে ভুল হলে অপমান বা তিরস্কার না করে সংশোধনের সুযোগ দেওয়া প্রয়োজন। গালমন্দ, অসম্মানজনক ভাষা কিংবা অন্যায় শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ন্যায়সংগত আচরণের অংশ হিসেবে প্রত্যেকের কাজের যথাযথ মূল্যায়ন, প্রাপ্য পারিশ্রমিক সময়মতো প্রদান এবং ব্যক্তিগত সমস্যা ও প্রয়োজনের প্রতি সংবেদনশীল থাকা জরুরি। কারও শ্রমের অবমূল্যায়ন করা কিংবা ন্যায্য পাওনা আটকে রাখা অন্যায়।
প্রকৃতপক্ষে, কর্তৃত্বের সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতাও সম্পৃক্ত। তাই, এক্ষেত্রে জুলুম যেন না হয়, এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.