জ্যেষ্ঠ প্রতিবেদক : দেশে চলমান সহিংস পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনযাপনে স্বস্তি আনতে আলোচনার মাধ্যমে সংকট উত্তরণের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। সব পর্যায়ে সাংবিধানিক ও মানবিক দৃষ্টিভঙ্গির অনুসরণে জনগণের অধিকার সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সহিংস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘ইতোমধ্যে সারাদেশে বহুসংখ্যক প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। সব ধরণের সহিংসতা ও নাশকতা পরিহার করে জনজীবনে শান্তি স্থাপনের প্রচেষ্টার প্রতি আগেও বেশ কয়েকবার আহ্বান জানিয়েছে কমিশন। কিন্তু এত বেদনাদায়ক ঘটনার পরেও আন্দোলনের মাত্রা কমছে না।
এ পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে আলোচনা ও সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ ও পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি হতে পারে। এ পদ্ধতি সারাবিশ্বে স্বীকৃত। এ জন্য সহযোগিতা, সহনশীলতা ও সহমর্মিতামূলক মনোভাব নিয়ে সব পক্ষকে সংলাপে বসা প্রয়োজন। জনসাধারণের জানমালের ক্ষতি যাতে আর না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানান কমিশনের চেয়ারম্যান।
ড. কামাল উদ্দিন বলেন, কমিশন বিশ্বাস করে, বাংলাদেশে মানবাধিকার ও সংবিধানের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জাতীয় সংস্কৃতি বিরাজমান থাকা গুরুত্বপূর্ণ। প্রত্যেকের সমান ও অবিচ্ছেদ্য অধিকার এবং মর্যাদার প্রতি বিশেষ নজর দেওয়ার মাধ্যমে দ্রুত সংকট নিরসন করা সম্ভব।