আলু ও টমেটো-দুটি সবজিই প্রায় প্রতিদিনের রান্নায় ব্যবহার হয়। কখনো আলুর দম, কখনো টমেটোর চাটনি, আবার কখনো তরকারিতে দুটিই একসঙ্গে মেশে। তাই বাজার থেকে কিনে আনার পর অনেকেই আলু ও টমেটো একই ঝুড়ি কিংবা ব্যাগে রেখে দেন।
কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে এই অভ্যাস বদলানো জরুরি। কারণ আলু ও টমেটো একসঙ্গে রাখলে আলুর অঙ্কুরোদ্গম দ্রুত হতে পারে। এর পেছনে রয়েছে ইথিলিন নামের একটি গ্যাস, যা ফল ও সবজির পাকাসহ বিভিন্ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলু ও টমেটো একসঙ্গে রাখা উচিত নয় কেন?
ইথিলিন একটি বর্ণহীন গ্যাস। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, ফল পাকানো এবং বার্ধক্যজনিত বিভিন্ন পরিবর্তন নিয়ন্ত্রণে এটি উদ্ভিদ হরমোন হিসেবে কাজ করে। কিছু ফল ও সবজি পাকতে শুরু করলে ইথিলিন গ্যাস নির্গত করে। টমেটো এমনই একটি সবজি। বিশেষ করে টমেটো পাকতে থাকলে তা থেকে ইথিলিন নির্গত হয়।
অন্যদিকে আলু ইথিলিনের প্রতি সংবেদনশীল। টমেটোর কাছাকাছি আলু দীর্ঘ সময় রাখা হলে বাতাসে ছড়িয়ে পড়া ইথিলিনের প্রভাবে আলুর অঙ্কুরোদ্গম দ্রুত হতে পারে। আলুর গায়ের ছোট ছোট চোখ থেকে আগেভাগেই চারা বের হতে শুরু করে। ফলে আলু দ্রুত পুরোনো হয়ে যেতে পারে এবং সংরক্ষণের সময় কমে আসে।
শুধু টমেটো নয়, আপেল, কলা ও পাকা ফল থেকেও ইথিলিন নির্গত হয়। তাই আলু সংরক্ষণের জায়গায় এসব ফল রাখলেও আলুর ওপর প্রভাব পড়তে পারে।
কীভাবে আলু সংরক্ষণ করবেন?
আলু দীর্ঘদিন ভালো রাখতে হলে সংরক্ষণের জায়গা নির্বাচনে বিশেষ যত্ন নিতে হবে। আলু রাখার জন্য ঠান্ডা, শুকনো ও অন্ধকার জায়গা বেছে নিন। এমন পাত্র বা ঝুড়িতে রাখুন, যেখানে বাতাস চলাচলের সুযোগ রয়েছে। বস্তা বা ঝুড়িতে আলু রাখার আগে সেগুলো শুকনো কি না, তা দেখে নিন।
আলু কখনো ভেজা অবস্থায় কিংবা বন্ধ প্লাস্টিকের ব্যাগে রাখবেন না। এতে আর্দ্রতা জমে আলু পচে যাওয়ার আশঙ্কা বাড়ে। সংরক্ষণের সময় পচা, কাটা বা নষ্ট হয়ে যাওয়া আলু আলাদা করে ফেলুন। এতে অন্য আলুর ওপর পচনের প্রভাব পড়ার ঝুঁকি কমে।
টমেটো কোথায় রাখবেন?
কাঁচা টমেটো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা ভালো। এতে ধীরে ধীরে টমেটো পাকতে পারে। টমেটো পেকে গেলে আরও কিছুদিন ভালো রাখতে ফ্রিজে সংরক্ষণ করা যায়। তবে আলুর সঙ্গে একই ঝুড়ি বা ব্যাগে টমেটো রাখবেন না। আলুর সংরক্ষণের জায়গা থেকে আলাদা রাখলেই ইথিলিনের প্রভাব কমানো সম্ভব।
পেঁয়াজ ও আলু কি একসঙ্গে রাখা যায়?
অনেকেই আলু ও পেঁয়াজ একসঙ্গে ঝুড়িতে রাখেন। কিন্তু দীর্ঘদিন ভালো রাখতে এই অভ্যাসও এড়িয়ে চলা ভালো। আলু ও পেঁয়াজের সংরক্ষণের জন্য আলাদা জায়গা বেছে নিন। পেঁয়াজও শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন। পাশাপাশি আপেল, কলা ও অন্যান্য পাকা ফল আলুর কাছ থেকে দূরে রাখুন।
সবজি ভালো রাখতে ছোট কিছু অভ্যাস:
বাজার থেকে সবজি আনার পর কোনটি কোথায় রাখবেন, তা একটু বুঝে নেওয়া দরকার। সব সবজির সংরক্ষণের নিয়ম এক নয়। কিছু ফল ও সবজি ইথিলিন নির্গত করে, আবার কিছু সবজি এই গ্যাসের প্রতি সংবেদনশীল। তাই আলু, টমেটো ও পাকা ফল আলাদা জায়গায় রাখার অভ্যাস করুন। সবজি সংরক্ষণের পাত্র পরিষ্কার ও শুকনো রাখুন এবং নিয়মিত পরীক্ষা করে নষ্ট হয়ে যাওয়া অংশ সরিয়ে ফেলুন।
রান্নাঘরের এই ছোট নিয়মগুলো মেনে চললে আলু ও অন্যান্য সবজি তুলনামূলক বেশি দিন ভালো রাখা সম্ভব। এতে খাবারের অপচয় কমবে, পাশাপাশি পরিবারের বাজার খরচও কিছুটা সাশ্রয় হবে।
সূত্র: নিউজ এইটটিন, এনআরপি
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.