জ্যেষ্ঠ প্রতিবেদক | পেশাগত কাজে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ফ্যাসিস্ট সাংবাদিকদের সনাক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)।
আজ (২৯ ডিসেম্বর) বিসিআরসি’র প্রেসিডেন্ট আলী আশরাফ আখন্দ,সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স ও যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন গণহারে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল না করে, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর সাংবাদিক যারা,তাদের সনাক্ত করে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল ও শাস্তির আওতায় আনা উচিত।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার মুখে গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতার কথা বললেও দফায় দফায় পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার পর শুক্রবার একসঙ্গে সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এটা জুলাই আগষ্ট বিপ্লবের চেতনা হতে পারে না।
এর মাধ্যমে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার রুদ্ধ করা হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার প্রতি হুমকি ও পেশাদার সাংবাদিকদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত করবে বলে আশঙ্কা করছে বিসিআরসি।
ফ্যাসিস্ট সাংবাদিকদের রুখে দিয়ে, পেশাগত দায়িত্ব পালনে উদার স্বচ্ছ সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে সচিবালয়ে নিয়মিত যাতায়াত করতে পারেন, তা দ্রুত নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিআরসি নেতৃবৃন্দ।
গত ২৭ ডিসেম্বর, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে’ সাংবাদিকদের অনুকূলে ইস্যু করা অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।