দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ খেলতে এসে সেই হারের নির্মম প্রতিশোধ নিয়েছে লঙ্কানরা। ৫০ ওভারের ফরম্যাটের ক্রিকেটে অসিদের পাত্তাই দেয়নি চারিথ আশালঙ্কার দল। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।
এতে টেস্ট সিরিজের পুরো বিপরীত, ২-০ ব্যবধানে এবার সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। এর আগে প্রথম ওয়ানডেতে অসিদের ৪৯ রানে হারিয়েছিল লঙ্কানরা।
আজ শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৮১ রান করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১০৭ রানে। ওয়ানডেতে অসিদের বিপক্ষে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়ের রেকর্ড।