‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণ’ এমন অভিযোগে কক্সবাজার জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর সঞ্চয় কর্মকর্তা (বান্দরবানের প্রাক্তন সঞ্চয় কর্মকর্তা) মো. রফিকুল আলম ভূঁইয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুল আলম ভূঁইয়ার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতি পরায়ণ’ এর অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) ও (ঘ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গৃহীত হয়েছে। যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে।
এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী রফিকুল আলম ভূঁইয়া, সঞ্চয় অফিসার, জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, কক্সবাজার (প্রাক্তন সঞ্চয় অফিসার, জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, বান্দরবান)-কে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.